
টিম রাজনীতি ডটকম

রাষ্ট্রপতির অনুমতি নিয়ে সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় জাতীয় সংগীতের সুরে শেষ হয় অনুষ্ঠান।
রাজনীতি ডটকমের লাইভ সম্প্রচারও শেষ হলো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে থাকা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পড়ান।
প্রতিমন্ত্রী হিসেবে শপথের পাশাপাশি গোপনীয়তার শপথও পড়েন তারা। পরে তারা শপথে সই করেন।

মন্ত্রিসভার নতুন পূর্ণ মন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শপথ নিলেন চারজন।
তারা হলেন — আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। তাদের মধ্যে প্রথম তিনজন নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হলেন। আর মিল্লাত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। এবার তিনি ‘পদোন্নতি’ পেয়ে পূর্ণ মন্ত্রী হলেন।
সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে তারা রাষ্ট্রপতির কাছে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ নেন। পরে তারা শপথে সই করেন।
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ শেষে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির অনুমতি নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু করেন।

শপথ গ্রহণ শেষে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে শপথনামায় সই করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় স্পিকারের দায়িত্বে থাকা কায়সার কামাল এ সই সত্যায়ন করেন।

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে তিনি শপথ বাক্য পাঠ করতে শুরু করেন।
স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে শপথ পড়ান।

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্য দিয়ে সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন। রাষ্ট্রপতির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি অনুষ্ঠান শুরু করেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণের মধ্যেই তার শপথ অনুষ্ঠান শুরু হবে।
নতুন রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশের সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল তার সঙ্গে ছিলেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর স্ত্রী জোবাইদা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এ ছাড়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ মন্ত্রিসভার সদস্য এবং সামরিক-বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৫৫ জন সংসদ সদস্যের ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ ভোট পান ৮৮টি।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই ভোট। বিকেল সাড়ে ৫টার দিকে ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এস নাসির উদ্দিন।
ওই ফলাফলের ওপর ভিত্তি করে কিছুক্ষণ পরই নির্বাচন কমিশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবারই জানিয়েছিল, আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ হবে। সেই শপথ অনুষ্ঠানের লাইভ আপডেট পেতে যুক্ত থাকুন রাজনীতি ডটকমের সঙ্গে।