কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার খোঁজ, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৭: ৫০
কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা বলেন র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত
কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা বলেন র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার খোঁজ পাওয়ার কথা জানিয়েছে র‍্যাব-১০। বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা, মাদকটি তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)।

অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, অভিযানে ১ হাজার ৯৬৮টি ইয়াবা, এই মাদক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাউডারসদৃশ কাঁচামাল, উৎপাদন-সংশ্লিষ্ট যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দুই বছর ধরে ইয়াবা উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকটি কারখানার অস্তিত্বের ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

র‍্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় তিনটি মাদক মামলা রয়েছে। তবে গ্রেপ্তার চারজনই পেশাদার মাদক কারবারি বলে দাবি করেছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ইয়াবা তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো অবৈধ নয়। বিভিন্ন শিল্পকারখানায় এসব কাঁচামালের বৈধ ব্যবহার রয়েছে। তবে এই চক্র ওই কাঁচামাল ব্যবহার করে ইয়াবা উৎপাদনের কৌশল তৈরি করেছে। কাঁচামালগুলোর উৎস এবং ইয়াবা উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, চক্রটি কামরাঙ্গীরচর, পুরান ঢাকা ও আশপাশের এলাকায় তাদের মাদক ব্যবসার নেটওয়ার্ক পরিচালনা করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার খোঁজ, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪