তারেক রহমানের কড়া বার্তা— জনভোগান্তি হলে যাবেন না নয়াপল্টনে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০১: ১৫

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তার আগমন ঘিরে আশপাশের এলাকা জুড়ে সড়কে নেতাকর্মীদের অবস্থান নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটালে এবং জনদুর্ভোগ তৈরি হলে তিনি আর কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন না।

শনিবার (২৮ মার্চ) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এমন কড়া বার্তা দেন তিনি। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রথম আগমন।

এর আগে তারেক রহমানের আগমন ঘিরে শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সন্ধ্যার পর কাকরাইল থেকে বিজয়নগরসহ আশপাশের পুরো এলাকা বিপুলসংখ্যক নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয়।

রাতে কার্যালয়ে হাজির হয়ে এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে তারেক রহমান বলেন, এভাবে রাস্তা বন্ধ করা যাবে না। স্বাভাবিকভাবে আমাদের অফিসে আসতে হবে, যেন জনজীবন ও যান চলাচল ব্যাহত না হয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, নেতাকর্মীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার পাশাপাশি দলের কাজ এগিয়ে নেওয়ার প্রয়োজনে তিনি নিয়মিত অফিসে আসতে চান। কিন্তু তার আগমন ঘিরেব মানুষের ভোগান্তি তৈরি করা যাবে না। তিনি বলেন, যদি আমাকে নিয়মিত পল্টন অফিসে দেখতে চান, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। মানুষের চলাচলে কোনো প্রকার বাধা বা বিঘ্ন তৈরি করা যাবে না।

এ সময় আধা ঘণ্টার মধ্যে রাস্তা পরিষ্কার করে মানুষের চলাচলের পথ করে দিতে বলেন তারেক রহমান। মানুষের প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশে এখন অনেক সমস্যা আছে, আমাদের অনেক কাজ করতে হবে। এর মধ্যে প্রথম কাজ হচ্ছে রাস্তা ক্লিয়ার রাখা, যেন আমি অফিসে আসতে পারি।

তারেক রহমান বলেন, 'আপনাদের সহযোগিতা থাকলে আমি আসব, না হলে আমার পক্ষে আসা সম্ভব হবে না।' এ সময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে তাকে নিয়মিত অফিসে যেতে অনুরোধ করেন।

জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আপনাদের সহযোগিতা থাকলে আমি আরও দুয়েকদিন আসব এবং পরিবেশ পর্যবেক্ষণ করব। আপনারা যদি স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে না পারেন, তবে আমার আসা বন্ধ হয়ে যাবে। কারণ আমি বা আমার দল সাধারণ মানুষের সমস্যার কারণ হতে চাই না।

নয়াপল্টন এলাকার সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে উল্লেখ করে তিনি বলেন, তাদের দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তাই রাজধানীসহ সারা দেশে নেতাকর্মীদের কঠোরভাবে আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা, কষ্ট বা অসুবিধা হয়— এমন কোনো কাজ কোনোভাবেই করা যাবে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

জনগণকে এই অভিযানে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জনস্বার্থে আমাদের এই লড়াই চলবে। আপনাদের সমর্থন থাকলে আমরা অবশ্যই বিজয়ী হব এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করব।’

৭ ঘণ্টা আগে

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে। আজ শনিবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

৮ ঘণ্টা আগে

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৯ ঘণ্টা আগে