শিশু থেকে বড় সবার জন্য খেলাধুলার ব্যবস্থা করতে হবে: জ্বালানিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে জেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে জেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে শিশু থেকে বৃদ্ধ সবার জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার সিরাজগঞ্জের শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মাঠগুলো এখন খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ায় সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে; তাই একটি সুস্থ প্রজন্ম গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদকবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে দেশব্যাপী সামাজিক ও ক্রীড়া আন্দোলন গড়ে তোলা জরুরি।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তাদের সময় মাঠে খেলা ছিল, সারা বছর খেলাধুলা হতো। তারা খেলাধুলায় সময় কাটানোয় মাদক থেকে দূরে থাকতে পেরেছে। সেজন্য শিশু থেকে বড় হওয়া পর্যন্ত সবার খেলাধুলার ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এখন খেলাধুলা নেই, মাঠে হয় গরু চড়ায়, নয় অন্য কাজে ব্যবহৃত হয়। ফলে সমাজ আস্তে আস্তে নেশার দিকে চলে গেছে।’

মন্ত্রী বলেন, ‘একটি জেনারেশন নেশার জন্য নষ্ট হয়ে গেছে, এখান থেকে আমাদের ফেরাতে হবে। ফেরাতে হলে একমাত্র পথ হলো, শিশু থেকে একদম বড় হওয়া পর্যন্ত খেলাধুলার ব্যবস্থা করতে হবে, তাহলে সামাজিক আন্দোলন গড়ে উঠবে, মাদককে না বলতে শিখবে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। মাদকের পরিবর্তে খেলাধুলা, নেশার পরিবর্তে স্বাস্থ্যরক্ষা করা, এ বিষয়ে তিনি খুবই সিরিয়াস।’

পরে তিনি সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ ও গুণীজন সংবর্ধনায় অংশ নেন।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

রাজনীতি/এসআর

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement