গাজীপুর ও গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ও মাটির দেয়াল ধসে ২ জন এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকসহ পৃথক দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা ও দেয়াল ধসে নিহত ২
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুই দুর্ঘটনায় এক বিক্রয় প্রতিনিধি ও এক জুট মিল শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের নাভানা কারখানা এলাকায় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. জাহিদ হোসেন (৫২) মারা যান।
নিহত জাহিদ পিরোজপুরের নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ‘গ্রেট সেলস এন্টারপ্রাইজ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়।
অন্যদিকে, কালীগঞ্জের জামালপুর এলাকায় রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়ে মতিউর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত মতিউর রহমান নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকার জনতা জুট মিলের শ্রমিক ছিলেন।
দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম।
কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মহেশপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন—কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাউখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
বুধবার ভোরে স্থানীয় লোকজন হাঁটার সময় রেললাইনের ওপর মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতরা মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।














-298494-256x144.webp)


