অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, ওসি-সাংবাদিকসহ আহত ৫০

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের দখল কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এই সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের দাবি, সরকারি নিয়মে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পেলেও সভাপতি সৈয়দ সাঈদ আহমদ প্রভাব খাটিয়ে জলমহাল দখলের চেষ্টা করছেন। অপরদিকে অভিযোগ অস্বীকার করে বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমদ পালটা দাবি করেন, শাহিনের সমর্থকরাই প্রথম তাদের ওপর হামলা চালিয়েছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















