তারাগঞ্জে পিটিয়ে হত্যার নতুন ভিডিও, ৮ পুলিশ বরখাস্ত

রংপুর প্রতিনিধি
প্রদীপ লাল (বাঁয়ে) ও রূপলাল। শনিবার রাতে গণপিটুনিতে নিহত হওয়ার আগে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রংপুরের তারাগঞ্জে ভ্যান চুরির অভিযোগ তুলে রূপলাল রবিদাস ও প্রদীপ লাল রবিদাসকে পিটিয়ে হত্যার সময়কার নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে ভিডিওতে দেখা গেছে তাদের দুজনকে নৃশংসভাবে হত্যার দৃশ্য।

পুলিশ বলছে, পাঁচ মিনিট ২১ সেকেন্ডের ওই ভিডিও দেখে হত্যায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি দায়িত্ব অবহেলার অভিযোগে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও ছয় কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সয়ার ইউনিয়নের বুড়িরহাট স্কুল মাঠে ভ্যানের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দুজন। ওই ভ্যানের চারপাশ ঘিরে রয়েছে অনেক মানুষ। পাশেই পুলিশের কয়েকজন সদস্য, তারা বাঁশি বাজিয়ে ভিড় সরানোর চেষ্টা করছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, রূপলাল ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে শুয়ে পড়েন। ওই সময় পুলিশ পাশে থাকলেও রূপলাল ও প্রদীপের ওপর হামলা চলতে থাকে। একপর্যায়ে পুলিশ ভিড় ঠেকাতে ব্যর্থ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় সবাই আরও মারমুখী হয়ে ওঠে। একপর্যায়ে রূপলাল ও প্রদীপ ভ্যান থেকে মাটিতে পড়ে যান। সে সময় ভ্যানটি তাদের শরীরের ওপর উলটে ফেলা হয়।

ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ভ্যানের ওপর চড়, চাপা দিয়ে মেরে ফেল।’ আরেকজন বলছিলেন, ‘ছুরি নিয়ে আয়, জবাই করে মেরে ফেল।’ পরে কয়েকজন তরুণ ভ্যান সরিয়ে আবারও দুজনকে কিল-ঘুষি-লাথি মারেন এবং লাঠি ও রড দিয়েও তাদের মারতে থাকেন।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ছিল, পুলিশ ছিল কয়েকজন। পুলিশ দুজনকে বাঁচানোর চেষ্টা করলেও পেছন থেকে ধাক্কাধাক্কি ও হামলার মুখে পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া নতুন ভিডিও দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, অনেককে শনাক্ত করা হয়েছে, তারা পলাতক। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না, প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হবে।

এদিকে রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম জানিয়েছেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার বিকেলে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন— তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু জোবায়ের ও সফিকুল ইসলাম এবং কনস্টেবল ফারিকুদ আখতার জামান, ধিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়।

তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম মামলার তদন্তের ভার পেয়েছেন।

গত শনিবার রাত ৯টার দিকে তারাগঞ্জের সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় গণপিটুনিতে নিহত হন উপজেলার ঘনিরাপুর এলাকার রূপলাল দাস ও তার ভাগনির স্বামী প্রদীপ লাল (৩৫)। প্রদীপের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামে।

রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন। ছোট্ট একটি টিনের ঘরে মা, স্ত্রী ও তিন সন্তানসহ থাকতেন। আর প্রদীপ লাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এ ঘটনায় রূপলালের স্ত্রী মালতি রানী রবিদাস রোববার দুপুরে তারাগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ৭০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। সেই রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনার সঙ্গে লাইভে, মাগুরায় সাকিবের বাড়িতে হামলা

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন তরুণ সাকিবের বাড়ির সামনে জড়ো হয়ে বাড়িতে ঢিল ছুড়তে শুরু করে। এ সময় কয়েকটি বোমার শব্দ পাওয়া যায়। বাড়ির গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। তরুণরা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়। তবে ঢিলে বাড়ির কয়েকটি জানালা ভেঙে গেছে।

১ দিন আগে

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৮

বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তির জেরেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

১ দিন আগে

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে