নাটোরে বাস-ট্রাক মুখোমুখি, প্রাণ গেল ১৪ জনের

নাটোরের বড়াইগ্রামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক ও বাসের ১৩ যাত্রীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। হতাহতদের নাম-পরিচয়ের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল আলম জানান ভোরে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পৌর এলাকায় একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনাস্থলে ৯ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বরিশাল থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় আহত ২৬ জনকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিক, নাটোর জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ ও বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের ১৩ জনই বাসের যাত্রী ছিলেন। এর মধ্যে এক কন্যাশিশুও আছে। তাদের নাম-পরিচয় জানতে পুলিশ ও প্রশাসন কাজ করছে।
খবর পেয়ে বড়াইগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল তৎক্ষনাৎ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।















-12113d-256x144.webp)
