স্ত্রী-দুই সন্তানকে নিয়ে চিরনিন্দ্রায় শায়িত মিনারুল

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। পরে আজ শনিবার বাদ আসর জানাজা শেষে লাশ চারটি দাফন করা হয়।

এর আগে শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলায় একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- মিনারুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)। একটি ঘরের বিছানায় ছিল মনিরা ও শিশুকন্যা মিথিলার লাশ। পাশের ঘরের বিছানায় ছিল মাহিমের লাশ। এ ঘরেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মিনারুলের লাশ ঝুলছিল। ঘর থেকে দুই পাতার একটি চিরকুট উদ্ধার করা হয়। এটি মিনারুল লিখে গিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

দুই পাতার ওই চিরকুটের এক পাতায় লেখা আছে, ‘আমি মিনারুল নিচের যেসব লেখা লেখবো। সব আমার নিজের কথা লিখে জাছি (যাচ্ছি) এই কারনে, আমরা চারজন আজ রাতে মারা জাবো (যাবো)। এই মরার (মৃত্যুর) জন্য কারো কোন দস (দোষ) নেই। কারন লেখে না গেলে বাংলার পুলিশ কাকে না কাকে ফাসা (ফাঁসিয়ে) টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বোকে (স্ত্রী) মেরেছি। তারপর আমার মাহিনকে মেরেছি। তারপর আমার মিথিলাকে মেরেছি। তারপর আমি নিজে গলাতে ফাস দিয়ে মরেছি।

আমাদের চার জোনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার বো বাচ্চা না দেখে। এবং বাপের বড় ছেলে যেনো জানাজায় না যায়। আমাদের চার জনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা টাকা যেন না দেয়। এটা আমার কসম (ইতি মিনারুল) আচছালামু আলাই কুম।’

চিরকুটের অপর পাতায় লেখা আছে, ‘আমি নিজ হাতে সবাকে মারলাম এই কারনে যে, আমি একা জদি (যদি) মরে যাই, তাহলে আমার বো (বৌ), ছেলে, মেয়ে কার আশায় বেচে (বেঁচে) থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম, রেনের (ঋণের) দায়ে আর খাওয়ার (খাবারের) অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমাদের (আমরা) বেচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভাল হলো। কারও কাছে কিছু চাই (চাইতে) হবে না। আমার জন্নে (জন্যে) কাওকে মানুসের কাছে ছোট হতে হবে (না) আমার বাবা আমার জন্য, অনেক লোকের কাছে ছোট হয়েছে আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম।

আমি চাই সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ’

মামলার বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, মিনারুলের মৃত্যুর ঘটনায় তার বাবা রুস্তম আলী বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। আর মনিরা, মাহিম ও মিথিলাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে হত্যা মামলাটি দায়ের করেছেন মনিরার মা শিউলী বেগম। দুপুরে ময়না তদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, মামলা দুটিতে আসামি হিসেবে কারও নাম উল্লেখ নেই। আসামি অজ্ঞাত। তবে চিরকুটটি যদি মিনারুলের নিজের হাতে লেখা নয় বলে নিশ্চিত হওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, শনিবার বাদ আসর প্রথমে মিনারুল ও ছেলে মাহিনের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দুইজনের মরদেহ দাফন করা হয়। পরে মিনারুলের শ্বশুড়বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মিনারুলের স্ত্রী মনিরা ও ছোট্ট মেয়ে মিথিলাকে।

স্থানীয় পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী বলেন, ছেলের পরিবার চারটি মরদেহই নিতে চেয়েছিল। পরে তিনটি মরদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য তিনটি কবরও খোঁড়া হয়েছিল। কিন্তু মরদেহ নিয়ে নানা জটিলতায় শেষ পর্যন্ত মিনারুল ও তার ছেলে মাহিনকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে বিকালে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। আর মিনারুলের স্ত্রী ও ছোট মেয়েকে শাশুড়ির কাছে দেওয়া হয়। জানাজা শেষে বিকালে তাদেরকে রাজশাহী নগরীর টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

২ কিশোরীকে ধর্ষণচেষ্টা, আটক অভিযুক্তকে ছিনিয়ে নিলেন স্বজনরা

মৌলভীবাজারের বড়লেখায় দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক যুবককে তার স্বজনরা বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে ছিনিয়ে নিয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে এ ঘটনা ঘটে।

২১ ঘণ্টা আগে

মীরসরাইয়ে সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামের মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি করেরহাট ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

১ দিন আগে

এআই দিয়ে জাইমা রহমানের সঙ্গে ছবি, কলেজছাত্র কারাগারে

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাকিল আহমেদ (২২) নামের ওই শিক্ষার্থীকে পঞ্চগড়ের হাকিম আদালতে (দেবীগঞ্জ) হাজির করা হলে বিচারক মো. মোস্তাকিম ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

১ দিন আগে

বনানীতে বিভাজকে উঠে দুই শ্রমিকের প্রাণ কেড়ে নিল বাস

রাজধানীর বনানীতে সড়ক বিভাজকে উঠে যাওয়া একটি বাসের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে