অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের

জামালপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

জামালপুরে একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা কর্ভাড ভ্যান ধাক্কা দিলে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, দুজন নারী। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কে দিগপাইত ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জামালপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। পথে দিগপাইত ইপিজেড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে এটি ঢাক্কা দেয়।

ওসি জানান, দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়। আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে দুই নারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কর্ভাড ভ্যানটি আটক করা গেছে। তবে এর চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement