মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, স্টপেজ বন্ধ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বস্তুটি পরীক্ষা করতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে ডাকা হয়েছে। ছবি: সংগৃহীত
বস্তুটি পরীক্ষা করতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে ডাকা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। বস্তুটি পরীক্ষা করতে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে ডাকা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং উদ্ধার হওয়া বস্তুটি আসলে বিস্ফোরক কি না, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই স্টেশন এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে নেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দলকে ডেকে পাঠানো হয়, যাতে বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা শেষে বস্তুটির প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, সকাল ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার খবরও পাওয়া যায়। বস্তার ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত না হওয়ায় সেখানেও বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার হয়েছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement