ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান ‘সুস্থ’, হাসপাতালের ছাড়পত্র

কুমিল্লা প্রতিনিধি
শিবির নেতা জিসান প্রধান। ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা (সদ্য বহিষ্কৃত) জিসান মিয়া (২৮) প্রধানকে চার দিন পর ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে ‘সুস্থ’ বলে প্রতিবেদন দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ দিন বেলা তিনটা পর্যন্ত জিসানকে আদালতে হাজির করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে কুমিল্লার দাউদকান্দির এক বিধবা তরুণীকে (২৫) ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু এত দিন তিনি নিজেকে ‘অসুস্থ দেখিয়ে’ পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ জন্য তাকে গ্রেপ্তার করা হলেও আদালতে প্রেরণ করেনি পুলিশ।

জিসান প্রকৃতপক্ষে অসুস্থ কি না, তা জানতে গত রোববার চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সোমবার বোর্ডের সদস্যরা জিসানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন নিয়ে বসেন। পরে তারা জিসানের শারীরিক অবস্থা ‘ভালো’ বা ‘সুস্থ’ দেখে হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন দেন। এর ভিত্তিতে আজ দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা পর্যবেক্ষণ করে জিসান মিয়া সুস্থ বলে প্রতিবেদন দাখিল করেছেন। পরে আজ দুপুর ১২টায় তাকে ছুটি দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। পুলিশ সদস্যরা যেকোনো সময় তাকে হাসপাতাল থেকে নিয়ে যাবেন।

এদিকে ঘটনার পর থেকে পুলিশের কর্মকর্তারা বলছেন, নির্যাতনের শিকার ওই তরুণীকে বিয়ে এড়াতে অপহরণের নাটক সাজিয়েছিলেন জিসান। এরপর নাটকীয়ভাবে উদ্ধার হয়ে চিকিৎসার জন্য আসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে থাকা অবস্থার মধ্যেই ওই তরুণীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে কুমিল্লার দাউদকান্দি থেকে কথিত নিখোঁজ হওয়ার এক দিন পর শুক্রবার রাত পৌনে ১০টার দিকে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ‘অচেতন’ অবস্থায় জিসানকে উদ্ধার করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরে ওই দিন রাতেই চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের ভাষ্য, জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি আত্মগোপনে ছিলেন। জিসান মিয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। তবে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পরে সংগঠন থেকে তাকে বহিষ্কার করেছে ছাত্রশিবির।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, ১১ জুন রাতে জিসান নিখোঁজ হয়েছেন জানিয়ে তার চাচাতো ভাই রাসেল আহম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর জেলা পুলিশের একাধিক দল তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে। অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা তরুণীর সঙ্গে জিসানের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশ বলছে, প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই তরুণীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতেই তিনি নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান। নিখোঁজের অনুসন্ধান চলাকালে গত শুক্রবার রাতে লাকসাম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাউজানে যুবদল নেতাকে হত্যা: মামলার প্রধান আসামি ‘সন্ত্রাসী’ রায়হান

চট্টগ্রামে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে (৪৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছেন তার বড় ভাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ারুল হক চৌধুরী। মামলায় প্রধান আসামি করা হয়েছে ‘আলোচিত সন্ত্রাসী’ রায়হানকে।

৫ ঘণ্টা আগে

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে সম্পাদক-প্রকাশকের নামে মামলা

বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি নিয়ে বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

৯ ঘণ্টা আগে

হবিগঞ্জের বাহুবলে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৪০

পুলিশ জানায়, দুই গ্রামের মধ্যবর্তী একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষের ২০০ থেকে ২৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

৯ ঘণ্টা আগে

শার্শায় প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

যশোরের শার্শায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

১ দিন আগে