কেরানীগঞ্জে তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০৪
সিসিটিভির ভিডিওতে হামলার মুহূর্ত। ছবি: সংগৃহীত
সিসিটিভির ভিডিওতে হামলার মুহূর্ত। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৫) নামের এক তরুণকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ একদল তরুণ। আজ মঙ্গলবার দুপুরে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ফরহাদ মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপে’র সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন ফরহাদ। সেখানে কয়েকজন তরুণ তার ওপর হামলা চালান। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ফরহাদকে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত ফরহাদ ভোলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে তিনি কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। তার বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন।

নিহত ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত
নিহত ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

সাকিব বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ বেশ কয়েকজন ফরহাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ফরহাদকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।’

এদিকে হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। এতে কয়েকজন যুবককে পিস্তল ও চাপাতি হাতে একটি স্থাপনায় ঢুকতে দেখা যায়। কিছুক্ষণ পর একই দরজা দিয়ে দুজনকে দৌড়ে বের হয়ে আসতে দেখা যায়।

ফুটেজের অন্য একটি অংশে লুঙ্গি পরা একজনকে রক্তাক্ত অবস্থায় টেনে বাইরে নিয়ে আসতে দেখা যায়। বাইরে নেওয়ার পর ওই ব্যক্তি বাঁচার চেষ্টা করলেও দুজন তাকে ধরে রাখেন। এ সময় অন্য একজন চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। হামলাকারীদের একজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফরহাদ মোহাম্মদপুর-রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপে’র সঙ্গে যুক্ত ছিলেন। পূর্বশত্রুতার জেরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১২ এপ্রিল বিকেলে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় দুই কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘এলেক্স গ্রুপে’র হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement