মাদারীপুরে দাঁড়িয়ে থাকা বাসকে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩

মাদারীপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেওয়ায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি বাস। বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায়। এ সময় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বাসটিকে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি সেটিকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement