রাঙ্গামাটিতে ছাত্রদলের পদবঞ্চিতদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মে ২০২৬, ১৮: ৫৯
রাঙ্গামাটিতে ছাত্রদলের পদবঞ্চিতদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙ্গামাটি–চট্টগ্রাম সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় টায়ার জ্বালিয়ে ও সড়কে অবস্থান নিয়ে তারা কমিটি বাতিলের দাবি জানান এবং নতুন করে কমিটি ঘোষণার আহ্বান করেন।

এর আগে সকালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পৌরসভা এলাকা থেকে মিছিল নিয়ে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। অবরোধের কারণে সড়কের দুই প্রান্তে যানবাহন আটকে যায় এবং যাত্রী ও পর্যটকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ঘোষিত কমিটিতে বিতর্কিত, বিবাহিত এবং চাঁদাবাজ ও অপহরণ সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। তারা কমিটি বাতিল না হলে হরতালের হুঁশিয়ারিও দেন।

পরে দুপুরের দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন এবং সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

ফলে প্রায় আড়াই ঘণ্টা পর রাঙ্গামাটি–চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ২ মে রাতে কেন্দ্রীয় ছাত্রদল ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে, যেখানে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটিতে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement