সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২০: ০৭
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার দৃশ্য, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাঁয়ে) এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকের প্রচ্ছদ (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো।

সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে ধরে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক একটি ই-বুক প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ই-বুকটি প্রকাশ করা হয়। ৪৩ পৃষ্ঠার এই ই-বুকে সরকারের ছয় মাসের কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যৎ পথচলার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

ই-বুকে সরকারের ১৮০ দিনের অর্জন, রাষ্ট্রচর্চা, বাজেট, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বিনিয়োগ, কৃষি, খাদ্য, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, আইন, পরিবেশ, বাণিজ্য ও শিল্প, ক্রীড়া, নগর ব্যবস্থাপনা, ভূমিসেবা, ধর্ম ও সম্প্রীতি, পে স্কেল, বিচারব্যবস্থা, যোগাযোগ, পর্যটন, প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতের উদ্যোগ ও সংস্কারের তথ্য তুলে ধরা হয়েছে।

ভূমিকা: সরকারের ১৮০ দিন

ই-বুকের ভূমিকা ‘জনগণের সরকারের ১৮০ দিন’ অংশে বলা হয়েছে, ‘দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচনের আগে বিএনপি দেশের জনগণের সামনে ৩১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছিল। দেশের জনগণ বিএনপির পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২৬— বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে।’

‘ফ্যাসিবাদী সরকার বাংলাদেশকে একটি আমদানিনির্ভর ও ঋণনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল। ফলে একটি ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং দুর্বল শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে তারেক রহমান সরকারকে প্রথম দিন থেকেই বাংলাদেশ পুনর্গঠনের কর্মযজ্ঞ শুরু করতে হয়েছে। সরকার গঠনের দিন থেকেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। প্রথম ১৮০ দিনে প্রতিটি খাতে শতভাগ সফলতা এসেছে— এমন দাবি সরকার করে না। তবে জনগণের জীবনমান উন্নয়নে সরকারের শতভাগ আন্তরিকতা ছিল, এ ব্যাপারে সংশয়ের অবকাশ নেই।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত পুরো ই-বুকটি দেখুন এখানে—

ই-বুকে আরও বলা হয়েছে, অর্থনীতিতে স্থিতিশীলতা, কৃষির পুনরুজ্জীবন, সামাজিক সুরক্ষার সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং বিশ্বপরিসরে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, স্বতঃস্ফূর্ত জনরায় ও মানুষের বিপুল আস্থায় গঠিত সরকার শুধু ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, রাষ্ট্র সংস্কারেরও নতুন যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ন্যায়, জবাবদিহি, মানবিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে, যে বাংলাদেশ হবে একটি কল্যাণমূলক রাষ্ট্র।

রাজনীতিতে পরিবর্তনের দাবি

ই-বুকে বলা হয়েছে, সরকার শুধু নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়ায় থেমে নেই; প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতেও গুণগত পরিবর্তন এনেছেন। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে তিনি ধৈর্য ও সহনশীলতার রাজনীতির পথে হাঁটছেন। তিনি ব্যক্তিবন্দনার রাজনীতির অবসান ঘটিয়েছেন।

সরকারি কিংবা বেসরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার বন্ধ করা হয়েছে। সরকারি অফিস, আদালত, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অপ্রয়োজনে নেতার ছবি টাঙানোর অপসংস্কৃতিও বন্ধ করা হয়েছে বলে ই-বুকে উল্লেখ করা হয়েছে।

চলাফেরার সময় একজন সাধারণ নাগরিকের মতোই ট্রাফিক নিয়ম মেনে চলছেন প্রধানমন্ত্রী এবং সঠিক সময়ে অফিস করছেন বলেও এতে দাবি করা হয়েছে। বাংলাদেশে এখন আর প্রধানমন্ত্রীর গাড়িবহর যানজটের কারণ হচ্ছে না। প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রটোকলের বাড়াবাড়ি নেই। এমনকি মাত্র ছয়জন ছাড়া সব মন্ত্রী ও উপদেষ্টার গাড়িবহর থেকে পুলিশ প্রটোকল সরিয়ে নেওয়া হয়েছে।

অপচয় কমানোর উদ্যোগ

ই-বুকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে অপচয় ও অপব্যয় পরিহার করছেন এবং অন্যদেরও এ বিষয়ে উৎসাহিত করছেন। প্রশিক্ষণের অজুহাতে কিংবা অপ্রয়োজনীয় বিদেশ সফর সংকুচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে দিচ্ছেন। দলের এমপিদের বাড়ি-গাড়ির সুবিধা নিতে নিষেধ করেছেন।

জনগণের জানার অধিকার

ই-বুকে আরও বলা হয়েছে, বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক সরকার। সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে। সেই জানার আগ্রহ পূরণের উদ্দেশ্য থেকেই সরকারের প্রথম ১৮০ দিনের সাফল্য এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এই ই-বুক প্রকাশ করা হয়েছে।

এতে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের একটি তথ্যনির্ভর চিত্র তুলে ধরা হয়েছে। এটি শুধু ছয় মাসের বিবরণ নয়; বরং ভবিষ্যৎ পথচলার ভিত্তি এবং পরিবর্তনশীল বাংলাদেশের অগ্রযাত্রার একটি প্রামাণ্য দলিল— এমনটি উল্লেখ করা হয়েছে ই-বুকে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

লোডশেডিংয়ের জন্য দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর, কয়েকদিনে সংকট নিরসনের আশ্বাস

বক্তব্যে বিরোধী দলের কাছে গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানের প্রস্তাবনা আহ্বান করেন প্রধানমন্ত্রী। বলেন, বিরোধী দল তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান দিলে সরকার তা গ্রহণ করবে। তবে বিরোধী দল যদি তা না পারে, তাহলে বিভ্রান্তিকর রাজনীতি করার জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের।

২ দিন আগে

বিএনপির স্থায়ী কমিটিতে ৪ নতুন মুখ: দলে কার ভূমিকা কী

এদিকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিএনপি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গঠনতন্ত্র অনুযায়ী এখন রিজভীই রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে। দীর্ঘদিনের এমন একজন ত্যাগী নেতার দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর

২ দিন আগে

গুম-খুনের শিকার পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সহায়তায় আলাদা অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী

আহমেদ আযম খান বলেন, জুলাই অভ্যুত্থানের বীরদের গেজেটভুক্তি অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে। সেখানে অনেকে বঞ্চিত হয়েছে। আমরা আবার বঞ্চিতদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছি। ফ্যাসিবাদী শক্তি মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দিয়েছে। আমরা তাদের মূল্যায়ন করব।

২ দিন আগে

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

২ দিন আগে