‘নগদে’ বিনিয়োগের প্রস্তাব মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের পক্ষে: ব্যারিস্টার আরমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্যারিস্টার আরমান। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার আরমান। ছবি: সংগৃহীত

মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ‘নগদে’ বিনিয়োগের প্রস্তাব ব্যক্তিগত নয়, বরং বিদেশি বহুজাতিক (মাল্টিন্যাশনাল) প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমান।

তিনি বলেন, ‘আমি বিভিন্ন দেশের মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে কাজ করি। তারা নগদে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তাদের প্রস্তাবগুলোই আমি গভর্নরের কাছে পাঠিয়েছি।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকরা ওই বহুজাতিক কোম্পানির নাম জানতে চাইলেও বিষয়টি চূড়ান্ত না হওয়ায় তিনি নাম প্রকাশ করতে রাজি হননি।

তবে সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি খাতে বিনিয়োগে অভিজ্ঞ বলে জানান ব্যারিস্টার আরমান। বলেন, বিনিয়োগকারীরা ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তারা বিনিয়োগের সুযোগ খুঁজছিল, সরকারের সঙ্গে আলোচনার সময় আমরা তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছিলাম।

‘নগদে’ বিদেশি কোম্পানির বিনিয়োগ নিয়ে গভর্নর কোনো আশ্বাস দিয়েছেন কি না— সাংবাদিকরা জানতে চাইলে এই আইনজীবী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রস্তাবটি পাঠিয়েছিলাম। এখন তো নতুন সরকার। গভর্নর জানিয়েছেন, নগদের ব্যাপারে বর্তমান সরকারের চূড়ান্ত নীতি কী হবে, তা এখনো নির্ধারিত হয়নি। সরকার যদি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালে গত বছরের ২৫ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, নগদকে ডাক অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, র জন্য নতুন বিনিয়োগকারী খোঁজা হবে।

ওই সময়ই ‘নগদে’ বিনিয়োগের আগ্রহের কথা জানান ব্যারিস্টার আরমান। বাংলাদেশ ব্যাংককে চিঠিও দিয়েছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় তিনি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে বৈঠক করতে গিয়েছিলেন।

জামায়াতে ইসলামীর সাবেক নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement