আমরা ফটোসেশনের রাজনীতি করি না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’ মন্তব্য করে বিরোধী দলকে গঠনমূলক ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা কৃষকদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচির সমালোচনা করে মন্ত্রী বলেন, তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের যে বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে দেশবাসী।

বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ৬ মাস হয়েছে, এর মধ্যে সব কাজ শেষ হয়ে যায়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কি হয়ে গেছে? বলার সুযোগ আছে? এটা তো বিরোধী দলের বোঝা উচিত। ৬ মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না।’

খাল পুনঃখননের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করব। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি।’

খাল পুনঃখননের সুফল ইতোমধ্যে মানুষ পেতে শুরু করেছে দাবি করে এ্যানি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। তারেক রহমানের দূরদর্শী চিন্তা ও পরিকল্পনা থেকেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে এবং তা শুরু হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement