আ.লীগ দেশে অস্থিরতা চায়, বিরোধীদের যোগসাজশের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ তৎপরতায় বিরোধী দলের যোগসাজশ থাকতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।”
সালাহউদ্দিন আহমদ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ১৭–১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের অবস্থান জানতে চান এক সাংবাদিক। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরাও শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আমরা তাকে ফেরত পাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।”
এরপর তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তির অপপ্রয়াস প্রথম থেকে চালু ছিল। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।”
এ ধরনের তৎপরতা ঠেকাতে সরকারও কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশে কোনো অপতৎপরতা চলবে, তা আমরা করতে দেব না।”
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ক্ষমতাচ্যুত শক্তির সঙ্গে বিরোধী দলের যোগসাজশের বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ ব্যাপারে আমাদের মন্তব্য তো আগেই আপনারা পেয়েছেন।”
গোপালগঞ্জে পুলিশের ওপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়েও কথা বলেন তিনি। সালাহউদ্দিন জানান, গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়নের খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে টহল পুলিশ গেলে সংখ্যায় কম থাকায় তারা হামলার শিকার হয়। পরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায় হলেও সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে। সংবিধান সংশোধন করে এ ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হবে।










-350d76-256x144.webp)


