হরমুজ খোলার ঘোষণায় পড়ল তেলের দাম, তবু অনিশ্চয়তা

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান যুদ্ধের শুরু থেকেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে হরমুজ প্রণালি। প্রতীকী ছবি

যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য ইরান হরমুজ প্রণালি ‘পুরোপুরি খোলা’ রাখার ঘোষণার পরপরই তেলের বাজারে ধস নেমেছে। এ ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম (ব্রেন্ট ক্রুড) নেমে এসেছে ৮৮ ডলারে, যা দিনের শুরুতে ছিল ৯৮ ডলার। সে হিসাবে ইরানের এক ঘোষণাতেই তেলের দাম কমেছে ১০ শতাংশের বেশি।

শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে ইরান হরমুজ প্রণালি খোলা রাখার ঘোষণা দেয়। ইরানের দক্ষিণে অবস্থিত সংকীর্ণ এই নৌ রুট দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। বিশ্লেষকসহ সংশ্লিষ্টরা বলছেন, এ ঘোষণায় তারা স্বস্তিবোধ করলেও এখনই নির্ভার হতে পারছেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তবে সামুদ্রিক সংস্থাগুলো ইরানের ঘোষণার পর পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। ফলে এখনই তারা কোনো মন্তব্য করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার দেশের অবস্থান তুলে ধরে বলেন, হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির বাকি সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

ইরানের ঘোষণার পর বৈশ্বিক শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ২ শতাংশ এবং নাসডাক ও ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ যথাক্রমে ১ দশমিক ৩ শতাংশ ও ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

ইউরোপীয় বাজারেও একই প্রবণতা দেখা গেছে। প্যারিসের ক্যাক ও ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স সূচক প্রায় ২ শতাংশ এবং লন্ডনের এফটিএসই ১০০ প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দিনের লেনদেন শেষ হয়েছে।

সরবরাহে বড় ধাক্কা

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরপরই কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ফলে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে বাজারে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে যায়। বৈশ্বিক জ্বালানির বাজার অস্থির হয়ে ওঠে।

আন্তর্জাতিক বাজারের তথ্য বলছে, যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিরর মাঝামাঝিতে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৬৫ ডলারের আশপাশে। হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে মার্চে তা ১১৯ ডলার ছাড়িয়ে যায়। পরে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর এক দফা ও এবার ইরানের হরমুজ প্রণালি খোলা রাখার ঘোষণার পর আরেক দফা বড় পতন হলো তেলের দামে।

নিরাপত্তা নিয়ে এখনো অনিশ্চয়তা

ইরান হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ খোলা’ বলে দাবি করার পর ট্রাম্প এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরান ঘোষণা করেছে যে প্রণালি পুরোপুরি উন্মুক্ত... ধন্যবাদ!’ তিনি আরও দাবি করেন, ইরান ‘আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না।’

এর পরপরই আরেক পোস্টে ট্রাম্প জানান, স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বহাল থাকবে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলোও এখনো ইরানের ঘোষণা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

ব্যালিস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সলের (বিমকো) প্রধান নিরাপত্তা কর্মকর্তা জ্যাকব লারসেন বলেন, নৌ পথে মাইন হুমকির অবস্থা এখনো অস্পষ্ট। তাই শিপিং কোম্পানিগুলোর ওই এলাকা এড়িয়ে চলার কথা বিবেচনা করা উচিত। এই মুহূর্তে ট্রাফিক সেপারেশন স্কিম নিরাপদ ঘোষণা করা হয়নি।

এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গোজ বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর ঘোষণা ‘নৌ চলাচলের স্বাধীনতা’ ও নিরাপদ পথ নিশ্চিত করার শর্ত পূরণ করছে কি না, তা যাচাই করা হচ্ছে।

হরমুজ বন্ধের প্রভাব সবখানেই

তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ব জুড়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। শঙ্কা তৈরি হয়েছে জেট ফুয়েলের সরবরাহ নিয়েও। ফলে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।

শুধু জ্বালানি নয়, কৃষিখাতেও প্রভাব পড়েছে। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ সার তৈরির কাঁচামাল হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে যুদ্ধের পর সার সরবরাহ ব্যাহত হওয়ায় খাদ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, হরমুজ প্রণালি প্রায় দেড় মাস ধরে অবরুদ্ধ থাকায় সরবরাহ শৃঙ্খল যেভাবে ব্যাহত হয়েছে, তা স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক শিপিং অপারেটর বিবিসিকে বলেন, ‘এ ঘোষণায় এখনই কিছু বদলাবে না। আমরা অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। আমরা প্রথম জাহাজ হয়ে প্রণালি পার হব না।’

তেলবাহী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টেনা বাল্কও জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত চলাচল করবে না।

ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ কিয়েরান টম্পকিনস বলেন, এই যুদ্ধবিরতি মাত্র সীমিত সময়ের সুযোগ তৈরি করেছে, যেখানে কিছু জাহাজ প্রবেশ ও বের হওয়ার সুযোগ পেতে পারে।

অন্যদিকে বেইজ বিজনেস স্কুলের অধ্যাপক ম্যানমোহান সোধি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধ নিয়ে স্থায়ী শান্তি চুক্তি হলেও সরবরাহব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে।

সব মিলিয়ে, হরমুজ প্রণালি খোলা রাখার ঘোষণায় বাজারে তাৎক্ষণিক স্বস্তি মিললেও বাস্তব ঝুঁকি এখনো কাটেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আস্থা সংকট ও নিরাপত্তা উদ্বেগ দূর না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা, এএফপি, রয়টার্স

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প লিখেছেন, "আজ তৌসকা নামের প্রায় ৯০০ ফুট দীর্ঘ একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আমাদের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সেটি তাদের জন্য ভালো হয়নি।" তিনি আরও বলেন, জাহাজটিকে থামার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু জাহাজটি তা মানেনি। "তাই আমাদের নৌবাহিনীর জাহাজ ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে থাম

৫ ঘণ্টা আগে

ইসলামাবাদে এবারও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ভ্যান্স

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউজের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, আগের মতোই জে ডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে পাকিস্তানে। এবারও তার সঙ্গী হিসেবে থাকছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ।

১৫ ঘণ্টা আগে

ভদ্রতা দেখানোর সময় নেই— ইরানকে নতুন হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ‘তারা (ইরান) দ্রুতই নতিস্বীকার করবে, সহজভাবেই করবে। আর যদি চুক্তি গ্রহণ না করে তাহলে যা কিছু প্রয়োজন, তা করা আমার জন্য গৌরবের বিষয় হবে— যা গত ৪৭ বছর ধরে অন্যান্য প্রেসিডেন্টদের করা উচিত ছিল।’

১৫ ঘণ্টা আগে

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, প্রথম দফা আলোচনা শেষ হওয়ার পর বর্তমানে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে আলোচনা চলছে। খবরে বলা হয়, ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনা হবে না।

১৬ ঘণ্টা আগে