ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে লেবাননে যুদ্ধের ‘স্থায়ী অবসান’ চান প্রেসিডেন্ট জোসেফ

ডেস্ক, রাজনীতি ডটকম
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া কাঠামোগত সমঝোতাকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে এই চুক্তি লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের স্থায়ী অবসান ঘটাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

লেবাননের প্রেসিডেন্ট বলেন, এই সমঝোতা যেন কেবল কূটনৈতিক নথিতে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপে পরিণত হয়। এই সমঝোতায় যেন সহিংসতার চক্র শেষ হয়ে দেশটিতে শান্তি, নিরাপত্তা ও পুনর্গঠনের নতুন অধ্যায় শুরু হয়।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এ কারণে সমঝোতাকে স্বাগত জানিয়ে জোসেফ আউন বলেন, লেবাননের জনগণ আশা করছে, এই বোঝাপড়া বাস্তব পদক্ষেপে রূপ নেবে এবং সহিংসতার পুনরাবৃত্তির অবসান ঘটিয়ে দেশটিকে স্থিতিশীলতা, নিরাপত্তা, পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে এগিয়ে নেবে।

এর আগে লেবানন সরকারের সঙ্গেও ইসরায়েলের কূটনৈতিক আলোচনা চলছিল। তবে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ঘোষণার আগ পর্যন্ত ইসরায়েল প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে এবং ব্যাপক এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পরও ইসরায়েল লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ধারাবাহিক হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। যদি এ হামলা অব্যাহত থাকে, তাহলে তা ইরানের জন্য একটি ‘লাল রেখা’ অতিক্রম করার শামিল হবে এবং ওয়াশিংটন-তেহরানের চলমান শান্তি প্রচেষ্টাও ভেস্তে যেতে পারে।

এর কারণ হিসেবে তারা বলছেন, ইরানের শান্তিচুক্তিতে সম্মত হওয়ার অন্যতম শর্তই ছিল লেবাননে সংঘাতের অবসান। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যারা ইরান সমর্থিত।

হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক চাপ ও দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকায় ইসরায়েলি সেনা উপস্থিতির বিরোধিতা করে আসছে। এ অবস্থায় সংগঠনটি উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েলও ব্যাপক বিমান হামলা ও সামরিক অভিযান পরিচালনা করে, যা দুই পক্ষের সংঘাতকে আরও তীব্র করে তোলে।

লেবাননের প্রেসিডেন্ট ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতাকে আঞ্চলিক শান্তির জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখলেও বাস্তব পরিস্থিতি এখনো অনিশ্চিত। কারণ সংঘাত বন্ধে কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হওয়াও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৭ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৮ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে