ফেসবুক-ইনস্টার তথ্য না দিলে প্রত্যাখ্যান হতে পারে ভিসা আবেদন: মার্কিন দূতাবাস

মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদনের সময় ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে সেই আবেদন প্রত্যাখ্যান হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শুধু তাই নয়, এ ধরনের তথ্য না দিলে আবেদনকারী ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন বলে জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে: আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।’
ওই ফেসবুক পোস্টে যুক্তরাষ্ট্রের অনলাইন ভিসা আবেদনের একটি ধাপের ছবি সংযুক্ত করা হয়েছে, যেখানে আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রোফাইল আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে মার্কিন ভিসা নিয়ে নতুন নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অনেক দেশের নাগরিকের জন্যই ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এর মধ্যে গত ২৬ সেপ্টেম্বর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে আরেক পোস্টে ভিসা পেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নেই বলে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, একটি ইউএস ভিসা যুক্তরাষ্ট্র ভ্রমণের নিশ্চয়তা দেয় না। দেশটিতে আপনার প্রবেশের মেয়াদ ও শর্তাবলি নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
ওই পোস্টে আরও বলা হয়, আপনি যদি পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, বা আপনার ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়— এমন কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে আপনার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা আপনার দায়িত্ব।


















