চীনে পৌঁছেছেন ট্রাম্প, লালগালিচায় অভ্যর্থনা জানাল বেইজিং

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ মে ২০২৬, ১৯: ৩০
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ ছাড়া ট্রাম্পকে অভ্যর্থনা  জানাতে অংশ নেয় প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর। ছবি: রয়টার্স
বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ ছাড়া ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে অংশ নেয় প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর। ছবি: রয়টার্স

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেই জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ মে) সন্ধ্যায় ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে নামার পর তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনে গেছেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, কৌশলগত প্রতিযোগিতা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বৈঠকের কথা রয়েছে তার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হান ঝেং বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক আয়োজনে চীনের প্রতিনিধিত্ব করে থাকেন। গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে ট্রাম্পকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তার পাশে ছিলেন ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা এবং ইলন মাস্ক। ছবি: রয়টার্স
বিমানবন্দরে ট্রাম্পকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তার পাশে ছিলেন ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা এবং ইলন মাস্ক। ছবি: রয়টার্স

বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে নীল-সাদা ইউনিফর্ম পরিহিত প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর অংশ নেয়। তারা যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নেড়ে ট্রাম্পকে অভিনন্দন জানায় এবং মান্দারিন ভাষায় স্লোগান দেয়, ‘স্বাগতম, আন্তরিক স্বাগতম’।

এ সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার ছেলে ছেলে এরিক ট্রাম্প,পুত্রবধূ লারা এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। লালগালিচা ধরে হান ঝেংয়ের সঙ্গে হাঁটার সময় ট্রাম্পকে হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে গাড়িবহরে ওঠার আগে মুষ্টিবদ্ধ হাত তুলে সেখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মা ঝাওসু। আগামীকাল বৃহস্পতিবার সকালে ট্রাম্প ও শি জিনপিংয়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান টানাপড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনার দিকে নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
চীনে পৌঁছেছেন ট্রাম্প, লালগালিচায় অভ্যর্থনা জানাল বেইজিং