নজির ভেঙে ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত করলেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২: ০৮
মিজ কুক ফেডারেল রিজার্ভের 'বোর্ড অব গভর্নরসে'র সাত সদস্যের একজন

অতীতের নজির ভেঙে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিসার বিরুদ্ধে মর্টগেজ বা বন্ধকি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে। সত্তরের দশক থেকেই মার্কিন প্রেসিডেন্টরা এই সংস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার চেষ্টা করে আসছেন। গুরুতর অভিযোগে ফেড গভর্নরকে বরখাস্তের বিধান থাকলেও এ পদক্ষেপ আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট নেননি।

বিশ্লেষকরাও বলছেন, মার্কিন প্রেসিডেন্টের জন্য এ ধরনের পদক্ষেপ নজিরবিহীন। বিষয়টি আদালতে গড়ালে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা হতে পারে। লিসা ফেডের পরিচালনা বোর্ডে স্থান পাওয়া প্রথম কোনো আফ্রিকান আমেরিকান সদস্য।

কুককে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২১ সালে মিশিগান ও জর্জিয়ার দুটি বাড়ির ওপর আলাদা বন্ধকি ঋণ নেন লিসা কুক। উভয় ক্ষেত্রেই কাগজপত্রে বাড়ি দুটিকে নিজের ‘প্রধান বাসস্থান’ হিসেবে দেখান তিনি। এ ঘটনাকে লিসার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প।

ট্রাম্প চিঠিতে লিসার বিরুদ্ধে ‘প্রতারণা ও অপরাধমূলক আর্থিক আচরণে’র অভিযোগ তোলেন। বলেন, এ ঘটনায় আর্থিক লেনদেনে অবহেলার প্রমাণ পাওয়া যায়, যা একজন আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে আপনার দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

ট্রাম্প বলেন, লিসার সততা ও যোগ্যতার ওপর তার আস্থা নেই। তাই যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ ও ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীন তাকে বরখাস্তের ক্ষমতা তার আছে।

ফেডারেল রিজার্ভ গভর্নরদের মেয়াদ দীর্ঘ হয়, যা কোনো প্রেসিডেন্টের মেয়াদের সঙ্গে সম্পর্কিত নয়। লিসার মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত চলার কথা। লিসা কুক বা ফেডারেল রিজার্ভ কর্তৃপক্ষের কেউই এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

লিসা কুককে ২০২২ সালে ফেডের গভর্নর বোর্ডে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে গত সপ্তাহে কুকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠান। এর পর থেকেই বিষয়টি আলোচনায় আসে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লিসা বা ফেড আদালতে গেলে নানা জটিল প্রশ্ন উঠবে। কুক আসলেই আইন ভেঙেছেন কি না, তা নিয়ে বিতর্ক হবে। প্রেসিডেন্টের ক্ষমতার সীমা, ফেডের বিশেষ কাঠামো, ইতিহাস ইত্যাদি নিয়েও আলোচনা উঠবে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার কন্টি-ব্রাউন বলেন, লিসার মর্টগেজ-সংক্রান্ত লেনদেন ছিল ফেডে যোগদান করার আগে। তার নিয়োগ সিনেটের অনুমোদন প্রক্রিয়ায় থাকার সময় লেনদেনের বিষয়টি নথিবদ্ধ ছিল। প্রেসিডেন্ট বা সিনেটের অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে যেসব কর্মকর্তা ফেডে আসেন, তাদের ব্যক্তিগত জীবনের সব তথ্য খতিয়ে দেখা হয়। তাই অতীতে গুরুতর অনিয়ম সংঘটনের অভিযোগ তুলে তাদের এখন অপসারণ করাটা সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে গত সপ্তাহে লিসার অনিয়মের বিষয়টি প্রকাশ্যে এলে তাকে পদত্যাগ করতে বলেন ট্রাম্প। তবে লিসা তাতে রাজি হননি। তিনি বলেন, শুধু একটি টুইটের কারণে আমি পদ ছাড়ব না। তবে আমার আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠলে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ তথ্য দিয়ে উত্তর দেবো।

গত সপ্তাহে বিবিসিকে পাঠানো এক বিবৃতিতে লিসা কুক জানিয়েছিলেন, তিনি গণমাধ্যমের খবর থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিষয়ে জানতে পেরেছেন। যে বন্ধকি ঋণের আবেদনের কথা উল্লেখ করে অভিযোগ তোলা হচ্ছে, সেটি কেন্দ্রীয় ব্যাংকে যোগদানের চার বছর আগে করেছিলেন বলেও জানান তিনি।

১৯৫১ সালের ঘোষণা অনুযায়ী, ফেডারেল রিজার্ভ একটি স্বাধীন প্রতিষ্ঠান। ফলে প্রতিষ্ঠানটি ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে, যেমনটি দেখা গেছে সুদের হার কমানোর জন্য ট্রাম্পের আহ্বানের ক্ষেত্রে।

বিবিসির খবরে বলা হয়েছে, সুদের হার কমানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া না দেওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে "একগুঁয়ে নির্বোধ" বলে অভিহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে কয়েকবার বরখাস্ত করার হুমকিও দিয়েছেন। এবার গভর্নর লিসা কুককে অপসারণের মধ্য দিয়ে ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে যুদ্ধ তীব্র করার বার্তা দিলেন ট্রাম্প।

গত সপ্তাহে অবশ্য সুদের হার নিয়ে পাওয়েলের কণ্ঠে কিছুটা নমনীয়ভাব দেখা গেছে। আগামী সেপ্টেম্বরে সুদের হার কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকি জ্যাকসন হোলের ওয়াইমিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক সভায় তাকে এমন যুক্তিও তুলে ধরতে দেখা গেছে, ট্রাম্পের বাড়তি শুল্ক ঘোষণার ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতির প্রভাব বেশিদিন স্থায়ী নাও হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৮ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৮ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৮ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

২১ ঘণ্টা আগে