ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা, নিহত ৫

ডেস্ক, রাজনীতি ডটকম
বোমা হামলার শিকার ইউক্রেনের একটি দালান। ছবি: রয়টার্স
বোমা হামলার শিকার ইউক্রেনের একটি দালান। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি শহরে রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে কিয়েভের পশ্চিম উপকণ্ঠের একটি মার্কেটে দুজন এবং উত্তরাঞ্চলীয় সুমি শহরে দুজন নিহত হন। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ড্রোন হামলায় এক গাড়িচালক নিহত হয়েছেন। হামলাগুলোতে আহত হয়েছেন আরও অনেকে।

ইউক্রেনের সরকারি আইনজীবীরা জানান, রোববার কিয়েভের পশ্চিম উপকণ্ঠে সোফিস্কা বোরশচাহিভকার একটি মার্কেটে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দুজন নিহত এবং প্রায় ১০ জন আহত হন। একই দিন রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরটিতে রুশ হামলায় এক শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। রাজধানীসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়া হামলা জোরদার করেছে। বিশেষ করে রাতের বেলায় এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে একই দিন ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সুমি জেলায় তিনটি গ্লাইড বোমা নিক্ষেপ করে রুশ বাহিনী। আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রিহোরভ জানান, একটি পরিবার সহায়তা কেন্দ্রের কাছে চালানো ওই হামলায় দুজন নিহত হয়েছেন।

উত্তর-পূর্ব ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা জানান, ওই হামলায় একজন গাড়িচালক নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার থেকে রাশিয়া ২৭৭টি ড্রোন নিক্ষেপ করেছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ভবনও ছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement