সিরিয়ায় মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫, আহত ৩০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরিয়ার দিনার আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা 'সানা'-কে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারেরও দীর্ঘ মহাসড়কটির আল-সুখনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অপরটিতে ছিলেন বেসামরিক যাত্রীরা।

দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। সানার খবর অনুযায়ী, গুরুতর আহতদের দ্রুত হোমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়।

যে মহাসড়কটিতে দুর্ঘটনা ঘটেছে সেটির নিরাপত্তা মান ভালো নয়। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার বেসামরিক অবকাঠামোগুলোর অবস্থা অত্যন্ত নাজুক।

গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়ামন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ‘সিরিয়ায় মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে’ এ ধরনের দুর্ঘটনা অন্যতম বলে মন্তব্য করেছিলেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement