আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের বিমান বাহিনীর পরিচালিত ‘অপারশন গজব-লিল হক (ন্যায়সঙ্গত ক্রোধ)’ অভিযানে ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) ইউরোপ শাখা।

ওসিন্ট ইউরোপ আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করে, ‘পাকিস্তানি বিমান হামলায় কাবুলে হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার নিহত হয়েছেন।’

তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাকিস্তানের হামলায় নিহতের কোনো ঘটনা ঘটেনি দাবি করে আফগানিস্তান বলছে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে।

২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে সরকার গঠন করে। বাহিনীর শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হন সেই সরকারের সর্বোচ্চ নেতা, যার নির্দেশ ও দিকনির্দেশনা অনুসারে সরকার পরিচালিত হয়।

পাকিস্তান ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পকতিয়া প্রদেশে তালেবান মদতপুষ্ট নিষিদ্ধ গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নির্মূলের উদ্দেশ্যে বিমান অভিযান চালায়। অভিযানে দুই প্রদেশে ৮০ জনেরও বেশি নিহত হন।

এর ‘বদলা’ হিসেবে আফগান সেনা ২৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে খাইবার পাখতুনখোয়ায় ডুরান্ড লাইন এলাকায় পাক সেনাচৌকিগুলোতে হামলা চালায়। হামলা চলতে থাকে রাত ১২টা পর্যন্ত। এ ঘটনায় কয়েকজন পাক সেনা নিহত এবং কয়েকজনকে বন্দি করা হয়।

ডুরান্ড লাইন এলাকায় হামলার সময় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে পোস্টে বলেন, ‘আমাদের সেনারা নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে। এবার তাদের আমরা নরকে পাঠাব।’

হামলার মাত্র সাড়ে তিন ঘণ্টা পর রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক্সে পোস্টে বলেন, ‘আমাদের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। এখন আপনাদের সঙ্গে আমাদের কেবল যুদ্ধ হবে... পাকিস্তানের সেনাবাহিনী সাগর থেকে ভেসে আসেনি। আমরা আপনাদের প্রতিবেশী, আপনাদের মতিগতি আমরা খুব ভালোভাবে জানি।’

পাকিস্তান-আফগান সীমান্তে উত্তেজনা বেড়ে গিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে রাতে কয়েক দফা হামলা চালানোর পর থেমেছে পাকিস্তান, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে তাদের আক্রমণ বন্ধ হয়েছে বলে জানা গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement