মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।
গত বুধবার একটি কার্গো কন্টেইনার ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করেছে।
মরিশাসের শ্রমমন্ত্রী রেজা উতিম এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রের বরাতে জানা গেছে, কন্টেইনারের ভেতরে থাকা ভারী কাঠের বাক্সের নিচে চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বিলাল (৩৭) এবং সিকদার জোবায়েদ ইসলাম (২৫)। তাঁরা সবাই প্লেন-দে-পাপাই এলাকার একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করেন। তবে জরুরি উদ্ধারকারী দলের চিকিৎসকরা নিশ্চিত করেন, কন্টেইনারের ভেতরেই তাঁদের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্তে কারখানাটিতে যথাযথ নিরাপত্তা বিধিমালা অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও পরীক্ষা করবে শ্রম মন্ত্রণালয়ের তদন্ত দল। মন্ত্রী রেজা উতিম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্ত্রী আরও জানিয়েছেন, নিয়োগকারী প্রতিষ্ঠানকে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া স্বজনদের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার যাবতীয় ব্যবস্থাও প্রতিষ্ঠানটিকে গ্রহণ করতে হবে।














