ইরানের রাডার স্টেশনে মার্কিন বিমান হামলার কয়েক ঘণ্টার মাথায় কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মধ্যপ্রাচ্যের এই দুই দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানের ছোঁড়া সাতটি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টিই আকাশে প্রতিহত করা হয়েছে এবং সপ্তমটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
এই ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত বা বাহরাইনের পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়নি উল্লেখ করে সেন্টকম জানায়, পর্দার আড়ালে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা চললেও সাম্প্রতিক এই মুখোমুখি সংঘাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আবারও চরম উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্য গত ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে সংঘাতের স্থায়ী অবসানের জন্য আলোচনার চেষ্টা সফল হয়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, তবুও সাম্প্রতিক দিনগুলোতে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।
একই সঙ্গে উভয় দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের একটি স্থায়ী সমাধানে পৌঁছানো।
রাজনীতি/এসআর


















