খামেনির জানাজার প্রস্তুতির মধ্যেই ইরানে মার্কিন হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই দেশটিতে নতুন করে ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে ইরানের কৌশলগত বেশ কয়েকটি এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা অঞ্চল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।
মার্কিন হামলায় সিরিক এলাকায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মিনাব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরিকের মাছ ধরা এবং বাণিজ্যিক জেটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যার ফলে ওই অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে বিপজ্জনক হামলা চালায়। এই ঘটনাকে পূর্ববর্তী যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে মার্কিন বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাব দিতেই তাদের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবকাঠামোতে এই পাল্টা আঘাত করা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য ইরানের সামরিক সক্ষমতার সর্বোচ্চ ক্ষতি সাধন করা।
এদিকে এই চরম সামরিক উত্তেজনার মধ্যেই আজ বুধবার (৮ জুলাই) ইরাকের নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়াতুল্লাহ খামেনির জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
কফিনগুলো সেখানে নিয়ে যাওয়ার পর লাখো ইরাকি নাগরিক এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকরণীয় নেতা ছিলেন। খামেনির জানাজা উপলক্ষে আজ বুধবার ইরাকে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সূত্র: আল-জাজিরা।
রাজনীতি/এসআর
















