শর্ত না মানলে ইরানে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর এক ‘বর্ডারলাইনে’ বা সীমান্তরেখায় এসে দাঁড়িয়েছে উল্লেখ করে যেকোনো মুহূর্তে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের শর্ত অনুযায়ী শতভাগ সন্তোষজনক চুক্তি না হলে খুব দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
ওয়াশিংটনের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে হয় একটি স্থায়ী সমঝোতা হবে, না হলে ইরানের ওপর আবারও মার্কিন হামলা শুরু হতে পারে; যার জন্য মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিশ্বাস করুন, পরিস্থিতি এখন একেবারে বর্ডারলাইনে আছে।’ মার্কিন প্রশাসনের চাওয়া অনুযায়ী সন্তোষজনক সাড়া না পেলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি সন্তোষজনক জবাব না পাই, তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। আমরা এমন একটি জবাব চাই, যা শতভাগ সন্তোষজনক হবে।’
প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, ইরান যদি শেষ পর্যন্ত একটি বাস্তবসম্মত সমঝোতায় আসতে রাজি হয়, তবে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সময়, শক্তি এবং সম্ভাব্য প্রাণহানি এড়ানো সম্ভব হবে। এই চুক্তিটি অত্যন্ত দ্রুত, এমনকি আগামী কয়েক দিনের মধ্যেও সম্পন্ন হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ইরানের ওপর পুনরায় সামরিক হামলা চালানোর নির্দেশ দেওয়ার একেবারে শেষ প্রান্তে- মাত্র এক ঘণ্টা দূরে ছিলেন। তবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি মিত্র দেশের বিশেষ অনুরোধে গত মঙ্গলবার (১৯ মে) পরিকল্পিত সেই হামলাটি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। বিশ্বজুড়ে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু, ইরান শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে সমঝোতায় আসে নাকি মধ্যপ্রাচ্য নতুন কোনো সংঘাতের দিকে ধাবিত হয়।
রাজনীতি/এসআর
















