ইরানে মার্কিন-ইসরায়েল হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

ইরানের অন্তত ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানে কর্মরত রেড ক্রিসেন্ট। আন্তর্জাতিক এই মানবিক সহায়তা সংস্থার তথ্য বলছে, এসব হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২০১। এ ছাড়া আরও অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন।
রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরান সরকারের পক্ষ থেকে হতাহতের তথ্য জানানো হয়নি। সরকার কেবল হরমোজগান প্রদেশের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় কমপক্ষে ৫৭ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে। বিদ্যালয়ে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান সরকার।
এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর এবারের হামলাকে নিজেদের ‘ইতিহাসের বৃহত্তম বিমান হামলা’ বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রায় ২০০ যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন জায়গায় একযোগে প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক। তারা একটি হামলা চালিয়েছে পশ্চিম ইরানের তাবরিজে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান লক্ষ্য করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইসরায়েল এ হামলা চালানোর পর ইরানও জবাব দিতে সময় নেয়নি। ইসরায়েলের কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পাঁচ দেশে মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে।


















