সিআইএ-মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মে ২০২৬, ১৯: ০৮
সিআইএ-মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ইরফান শাকুরজাদেহ নামের ওই ব্যক্তি একটি স্যাটেলাইট-সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পেশাগত অবস্থানের সুযোগ নিয়ে তিনি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য পাচার করেন বলে অভিযোগ করা হয়েছে।

ইরানি বিচার বিভাগের দাবি অনুযায়ী, শাকুরজাদেহ বিভিন্ন পর্যায়ে মোসাদ ও সিআইএর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। শুরুতে অনলাইনে ‘সহযোগিতা ফরম’ পূরণের মাধ্যমে তিনি যোগাযোগ স্থাপন করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে ই-মেইল, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে যোগাযোগ চলতে থাকে।

অভিযোগে আরও বলা হয়, তিনি ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্যাটেলাইট প্রকল্প, কর্মীদের তথ্য, অভ্যন্তরীণ নথি এবং সাংগঠনিক কাঠামোসহ গুরুত্বপূর্ণ তথ্য বিদেশি সংস্থার কাছে সরবরাহ করেন।

ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ ও অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশায় সিআইএর সঙ্গেও সরাসরি যোগাযোগের চেষ্টা করেন। অভিযোগে বলা হয়, তিনি মার্কিন পাসপোর্ট ও আর্থিক সহায়তার আবেদনও করেছিলেন।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় কার্যকর করা হয়।

এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি।

রাজনীতি/একে

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement