জব্দ জাহাজ ফেরতের দাবি, না হলে পালটা ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৪: ৩০
পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ জব্দের পর আরব সাগরে টহল দিচ্ছেন মার্কিন নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ জব্দের পর আরব সাগরে টহল দিচ্ছেন মার্কিন নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান।

মঙ্গলবার (২১ এপ্রিল) গালফ নিউজের খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাহাজটির নাবিক, ক্রু সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। জাতীয় স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে ইরান পালটা ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী ওই জাহাজটি মার্কিন নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটি জব্দ করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত সামরিক ভিডিওতে দেখা যায়, একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটিকে ঘিরে ফেলে এবং পরে হেলিকপ্টার থেকে মার্কিন মেরিন সেনারা দড়ি বেয়ে জাহাজে নামছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। একই সঙ্গে এ ঘটনার ফলে পরিস্থিতির যেকোনো অবনতির দায়ভার সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement