যুক্তরাষ্ট্রের ওপর ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
শনিবার (১১ মার্চ) ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে আব্বাস আরাগচি ওয়াশিংটনের অতীতের নানা কর্মকাণ্ডকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইরান তার দেশের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পুরো শক্তি দিয়ে লড়বে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে আজ শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
দুই দেশের প্রতিনিধিদল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। তবে আলোচনার শর্ত, ইরানের ১০ দফা পরিকল্পনা ও কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।


















