আলোচনায় বসতে চায় মোদি সরকার, স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন নিয়ে আপত্তি শিক্ষার্থীদের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৯: ২১
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (বাঁয়ে) ও জন্তর মন্তরে চলমান বিক্ষোভে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক সমর্থক (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতে নিট পরীক্ষার কথিত প্রশ্নফাঁসকে কেন্দ্র করে টানা আন্দোলনের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে নতুন করে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের দাবি, গত ২৪ ঘণ্টায় চারবার আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাসভবনে নয়, জন্তর মন্তর বা আন্দোলনস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনা হতে হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, সোমবার সিজেপির মুখপাত্রদের সঙ্গে বৈঠকে কোনো অগ্রগতি না হওয়ায় সরকার আবারও আলোচনার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিদের কাছে চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। জিতেন্দ্র সিংয়ের ভাষায়, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা যখন চান, দিনের যে সময় চান এবং যতক্ষণ প্রয়োজন, সরকার আলোচনায় বসতে প্রস্তুত।’

তিনি বলেন, আন্দোলনের কারণ এবং সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই সরকার খোলামেলা আলোচনা করতে চায়। এ আলোচনা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার বাসভবন বা তার দপ্তরে হতে পারে এবং তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, ‘আমরা উন্মুক্ত মনে আলোচনা করতে প্রস্তুত। নাড্ডার বাসভবন কিংবা দপ্তর— আপনারা যেটি পছন্দ করেন, সেখানেই বৈঠক হতে পারে।’ জিতেন্দ্র সিং দাবি করেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

তার ভাষ্য, ‘আসুন, আমরা এমন একটি সমাধান খুঁজে বের করি যা শিক্ষার্থী সমাজ, যুবসমাজ এবং দেশের বৃহত্তর স্বার্থে হবে। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও স্পষ্টভাবে বলেছেন, এই সরকারের কাছে শিক্ষার্থীদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার। শিক্ষার্থীদের কল্যাণে সরকার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যেতে প্রস্তুত।’

তিনি আরও জানান, সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দ্রুত ও চূড়ান্ত রায় দেওয়া সম্ভব হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা

এর আগে বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি লেখেন, ‘আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এটি আমাদের ধারাবাহিক পদক্ষেপের অংশ। যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

নাড্ডার বাসভবনে নয়, নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবি

এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও বলেছেন, সিজেপির প্রতিনিধিরা চাইলে তার সরকারি বাসভবন কিংবা দপ্তরে এসে আলোচনা করতে পারেন। পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নাড্ডা বলেন, ‘সিজেপির প্রতিনিধিরা আমার বাসভবন অথবা দপ্তর— যেকোনো জায়গায় এসে বৈঠক করতে পারেন।’

তবে সিজেপি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দলটির বক্তব্য, আলোচনার জন্য সরকার যদি আন্তরিক হয়, তাহলে জন্তর মন্তর অথবা আন্দোলনস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থান নির্ধারণ করতে হবে।

উল্লেখ্য, প্রায় এক মাস ধরে চলা এই আন্দোলনে সিজেপি নিট প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছে।

জন্তর মন্তরে ফের বিক্ষোভ

বৃহস্পতিবারের কর্মসূচি শুরু হয় আগের রাতের সংঘর্ষের পর। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। চলতি সপ্তাহে দিল্লিতে এটি দ্বিতীয় বড় সংঘর্ষ।

কড়া নিরাপত্তা, ব্যারিকেড ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার আবারও জন্তর মন্তরে জড়ো হন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মধ্য দিল্লির ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে সোমবার হাজারো আন্দোলনকারী বিধিনিষেধ অমান্য করে সংসদ ভবনের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার এবং প্রশ্নফাঁসের ঘটনার পর আত্মহত্যা করেছেন বলে দাবি করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ।

কনট প্লেসে আগেভাগে দোকান বন্ধের পরামর্শ

নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে বৃহস্পতিবার দিল্লির কনট প্লেস এলাকার দোকান, অফিস ও রেস্তোরাঁ সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে বন্ধ রাখার পরামর্শ দেয় নিউ দিল্লি ট্রেডার্স অ্যাসোসিয়েশন (এনডিটিএ)।

সংগঠনটি জানায়, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (এনডিএমসি) চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের টেলিফোনে দেওয়া পরামর্শের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনডিটিএ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, এতে অপ্রীতিকর ঘটনা, সম্পদের ক্ষতি কিংবা হতাহতের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।

এই নির্দেশনা এক্সে শেয়ার করে আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, কনট প্লেসের দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে, বিপুল নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তোলেন, সরকার কি আবারও জন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে?

সংঘর্ষ, মামলা ও পালটাপালটি অভিযোগ

বুধবার জন্তর মন্তরে সিজেপি কর্মীদের সঙ্গে নিহাং শিখদের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় দিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও সড়ক পরিবর্তনের কারণে হাজারো অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন।

পুলিশ জানায়, বুধবারের সহিংসতায় দুই সহকারী পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। ঘটনার পর দিল্লি পুলিশ একাধিক এফআইআর দায়ের করে অভিযোগ করে, সংসদমুখী মিছিল ঠেকাতে গেলে আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান।

তবে সিজেপি নেতৃত্ব সহিংসতার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির কর্মীরা আন্দোলনে অনুপ্রবেশ করে ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ উসকে দিয়েছেন, যাতে আন্দোলনকে বিতর্কিত করা যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত বিচারের ঘোষণা মোদির, পালটা প্রতিক্রিয়া রাহুল গান্ধীর

নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পার্লামেন্টে অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট

৭ ঘণ্টা আগে

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

আইআরজিসির দাবি, তারা কুয়েতের ‘আলি আল-সালেম’ বিমানঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এ ছাড়া ‘আল-আদিরি’ ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে

৮ ঘণ্টা আগে

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি সই করেছে যুক্তরাষ্ট্র, বিতর্ক কেন?

তবে এই পারমাণবিক চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে আগের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পর্যালোচনার পর সৌদি আরবকে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর না করে তাদের ভূখণ্ডেই যুক্তরাষ্ট্রের নির্মিত কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হ

৮ ঘণ্টা আগে

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

হরমুজ প্রণালির নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছাড়া নিশ্চিত করা সম্ভব। ইরান বহুবার জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালির পরিস্থিতি আর ফিরে যাবে না।

৯ ঘণ্টা আগে