ফরাসি সিনেটে প্রথমবার সংসদীয় গ্রুপ গড়ছে ডানপন্থি লা পেনের দল

ডেস্ক, রাজনীতি ডটকম
মেরিন লা পেন। ছবি: সংগৃহীত
মেরিন লা পেন। ছবি: সংগৃহীত

ফ্রান্সের সিনেটে প্রথমবারের মতো সংসদীয় গ্রুপ গঠনের সক্ষমতা অর্জন করেছে মেরিন লা পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (আরএন)। ২০১৪ সালে প্রথমবার সিনেটে আসন পেলেও ন্যূনতম ১০টি আসন না পাওয়ায় আরএন এর আগে কখনো সংসদীয় গ্রুপ গঠনের সুযোগ পায়নি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সপ্তাহান্তের সিনেট নির্বাচনের ফল প্রকাশের পর সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ফ্রান্সের রাজনীতিতে এটি দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সিনেটে একটি সংসদীয় গ্রুপ গঠন করতে পারা ফরাসি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আইন প্রণয়নের বিভিন্ন ধাপ নিয়ে কাজ করা প্রভাবশালী কমিটিগুলোতে দলটির প্রতিনিধিত্ব নিশ্চিত ও আইন নিয়ে আলোচনায় প্রাতিষ্ঠানিকভাবে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়।

ফরাসি সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অবশ্য এখনো ডানপন্থিদের হাতেই রয়েছে। ফলে আরএনের এই অগ্রগতি সিনেটের সামগ্রিক ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে না। তবে দলটি যে ফ্রান্সের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর ভেতরে নিজেদের উপস্থিতি ক্রমেই বাড়াচ্ছে, ফলাফলটি তারই ইঙ্গিত দিচ্ছে।

ফ্রান্সের সিনেট সরাসরি সাধারণ ভোটে নির্বাচিত হয় না। স্থানীয় পর্যায়ের নির্বাচিত প্রতিনিধিরা সিনেটর নির্বাচন করেন। প্রতি তিন বছর পর পর ৩৪৮ আসনের অর্ধেকের নির্বাচন হয় এবং প্রতিটি সিনেটরের মেয়াদ ছয় বছর।

ভোটের ফলাফল বলছে, ৩৪৮ আসনের সিনেটে আরএন ও তাদের মিত্র দল মিলিয়ে অন্তত ১৫টি আসন পেয়েছে। সিনেটে একটি রাজনৈতিক গ্রুপ গঠনের জন্য ন্যূনতম ১০ জন সদস্য প্রয়োজন। এবার প্রথমবারের মতো সেই সীমা পেরিয়েছে লা পেনের দল।

আরএন প্রথমবার সিনেটে প্রবেশ করে ২০১৪ সালে, তখন দলটির নাম ছিল ন্যাশনাল ফ্রন্ট। সে সময় তারা দুটি আসন পেয়েছিল। ২০২৩ সালের নির্বাচনে আসন পায় তিনটি। এবার দলটির প্রার্থীরা ৯টি আসন পেয়েছেন। এর সঙ্গে এরিক সিওতির নেতৃত্বাধীন মিত্র দল ইউনিয়ন অব দ্য রাইট ফর দ্য রিপাবলিকের তিনটিসহ ডানপন্থি জোটটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৫টিতে।

ফল ঘোষণার পর লা পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। সিনেটে প্রথমবারের মতো একটি সংসদীয় গ্রুপ গঠনের সক্ষমতাকে তিনি দলটির জন্য বড় মাইলফলক বলে বর্ণনা করেন।

আরএনের নেতা জর্ডান বারদেলাও বলেন, ফলাফলটি প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাদের রাজনৈতিক আন্দোলনের ‘গতি’ নিশ্চিত করেছে। লা পেন প্রেসিডেন্ট হলে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা বারদেলা বলেন, ফরাসিরা চাইলে তাদের দল ‘খুব শিগগির’ দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারে।

এরই মধ্যে সোমবার প্রকাশিত টলুনা-হ্যারিসের একটি জরিপে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় লা পেনের সম্ভাব্য সমর্থন ৩৫ থেকে ৩৬ শতাংশ দেখানো হয়েছে। দ্বিতীয় দফায় বামপন্থি নেতা জ্যঁ-লুক মেলঁশোঁ কিংবা মধ্যপন্থি নেতা এদুয়ার ফিলিপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য পরিস্থিতিতেও জরিপে লা পেন এগিয়ে ছিলেন।

২০২৪ সালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগাম পার্লামেন্ট নির্বাচন ডাকলে আরএন ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক বৃহত্তম দল হয়ে উঠলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এবার সিনেটে সংসদীয় গ্রুপ গঠনের সক্ষমতা অর্জনের মধ্য দিয়ে ফরাসি রাজনীতির প্রাতিষ্ঠানিক পরিসরে দলটির উপস্থিতি আরও বিস্তৃত হলো।

ফরাসি সংবাদপত্র ল্য মঁদ বলেছে, সিনেট নির্বাচনের ফল সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তন না ঘটালেও আরএনের প্রাতিষ্ঠানিক উত্থানে ‘নতুন একটি সীমা’ অতিক্রম হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement