বার্লিনে প্রাইড উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহত ১, আহত ১৭

ডেস্ক, রাজনীতি ডটকম
হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ছবি: রয়টার্স
হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। ছবি: রয়টার্স

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের প্রাইড উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ব্র্যান্ডেনবার্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই নিরাপত্তার স্বার্থে বার্ষিক ক্রিস্টোফার স্ট্রিট ডে প্রাইড প্যারেড বাতিল করা হয়।

বার্লিন পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সম্ভাব্য হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একজন ইসলামপন্থি সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সাদা রঙের একটি ভ্যান বা মিনিবাস পার্কের ভেতরে ঢুকে পথচারীদের চাপা দেয়। পরে সেটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটি খালি অবস্থায় উদ্ধার করে।

দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, আহত ১৭ জনের মধ্যে আটজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের তিনজনের অবস্থা সংকটাপন্ন।

পুলিশের এক মুখপাত্র বলেন, শনাক্ত হওয়া সন্দেহভাজন ব্যক্তি বার্লিনে সক্রিয় ইসলামপন্থি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জার্মান সংবাদপত্র বিল্ড এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, গাড়িটি থেমে যাওয়ার পর একজন ব্যক্তি সেখান থেকে নেমে হেঁটে পালিয়ে যান।

প্রতি বছর আয়োজিত ক্রিস্টোফার স্ট্রিট ডে ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ+ উৎসব। এবারের আয়োজনেও হাজারো মানুষ অংশ নিয়েছিলেন। তবে এই ঘটনার পর উৎসবটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement