হান্টাভাইরাস সংক্রমণ, ডাচ প্রমোদতরি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যাত্রীদের

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মে ২০২৬, ২৩: ২০
ডাচ প্রমোদতরি এমভি হোন্ডিয়াস থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্পেন। ছবি: রয়টার্স

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফে উপকূলে নোঙর করা হান্টাভাইরাস আক্রান্ত নেদারল্যান্ডসের প্রমোদতরি ‘এমভি হোন্ডিয়াস’ থেকে যাত্রীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্প্যানিস কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম ‘স্বাভাবিকভাবেই চলছে’ এবং এমভি হোন্ডিয়াস প্রমোদতরিতে থাকা আর কোনো যাত্রীর শরীরে এখন পর্যন্ত এই ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি।

রোববার (১০ মে) বিবিসির খবরে বলা হয়, দূর থেকে টেলিফটো ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা যায়, জাহাজের ডেকে কিংবা জানালার পাশে সাদা মেডিকেল মাস্ক পরিহিত যাত্রীরা ঘোরাফেরা করছেন। একই সময়ে যাত্রীদের সরিয়ে নেওয়ার প্রথম দফার কাজ শুরু হয়।

যাত্রীদের উদ্ধারে ব্যবহৃত হচ্ছে ছোট আকৃতির উদ্ধারকারী নৌকা, যেখানে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বসে থাকতে দেখা গেছে। তারা তীরে পৌঁছানোর সময় ছবি ও ভিডিও তুলছিলেন। সাদা সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা তীরে তাদের গ্রহণ করেন।

স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের জাতীয়তা অনুযায়ী আলাদা দলে ভাগ করে তীরে নেওয়া হচ্ছে। এরপর বাসে করে তাদের স্থানীয় বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে চার্টার বিমানে করে পাঠানো নিজ নিজ দেশে।

এমভি হোন্ডিয়াসে ১৪ জন স্প্যানিশ নাগরিক রয়েছেন। শুরুতেই তাদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর নেদারল্যান্ডসের ব্যবস্থাপনায় ডাচ, গ্রিক ও জার্মান যাত্রী এবং ক্রুদের একটি অংশকে সরিয়ে নেওয়া হবে। এরপর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের বিমানে করে নিজ দেশে নিয়ে যাওয়া হবে। সর্বশেষ ফ্লাইটটি আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

রোববার ভোরের দিকে হোন্ডিয়াস জাহাজটি তেনেরিফে দ্বীপের দক্ষিণপূর্বে অবস্থিত গ্রানাডিলা বন্দরে পৌঁছায়। এর প্রায় এক মাস আগে জাহাজটি আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল।

সকালে দেখা গেছে, জাহাজটি উপকূল থেকে কিছুটা দূরে নোঙর করে আছে। জাহাজটিকে গ্রহণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে একে সরাসরি তীরে ভিড়তে দেওয়া হবে না। দ্বীপের কাছে আসার সময় এর চারপাশে এক নটিক্যাল মাইল এলাকা জুড়ে নিরাপত্তা বলয় জারি করা হয়। এর আশপাশে টহল দিচ্ছে পুলিশের নৌ যান। একই সময়ে স্থলভাগে শতাধিক যাত্রী ও ক্রুকে নামিয়ে আনতে বড় ধরনের অভিযান চালানো হচ্ছে।

এমভি হোন্ডিয়াস থেকে ছোট ছোট নৌকায় করে যাত্রীদের নামিয়ে আনা হয়। ছবি: রয়টার্স
এমভি হোন্ডিয়াস থেকে ছোট ছোট নৌকায় করে যাত্রীদের নামিয়ে আনা হয়। ছবি: রয়টার্স

রোববার স্থানীয় সময় সকাল ৭টার দিকে মেডিকেল টিম জাহাজে উঠে সবার শরীরে ভাইরাসের কোনো লক্ষণ আছে কি না তা পরীক্ষা করে। অন্যদিকে তেনেরিফের ক্যান্ডেলারিয়া হাসপাতালে নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞদের প্রস্তুত রাখা হয়েছে। হোন্ডিয়াসের কেউ স্থানান্তরের সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সেখানে দ্রুত চিকিৎসা দেওয়া হবে। সংক্রামক রোগ মোকাবিলার জন্য সেখানে বিশেষ আইসোলেশন ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে, যেখানে রয়েছে পরীক্ষার সরঞ্জাম ও ভেন্টিলেটর।

হাসপাতালের প্রধান নিবিড় পরিচর্যা চিকিৎসক মার মার্টিন বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত। এর আগে আমরা হান্টাভাইরাস দেখিনি। তবে এটি একটি ভাইরাস, যা আমাদের প্রতিদিনই সামলাতে হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রশিক্ষিত।

বিরল অ্যান্ডিজ ধরনের ইঁদুরবাহিত রোগ হান্টাভাইরাস যেন আর না ছড়ায়, সে জন্য পরিচালিত জটিল এই অভিযানকে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। ফলে ‘অতিরঞ্জিত আতঙ্ক, ভুল তথ্য ও বিভ্রান্তি জনস্বাস্থ্য রক্ষার মৌলিক নীতির পরিপন্থি’ বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

তেনেরিফের দক্ষিণাঞ্চলের শিল্পবন্দর এলাকায় শনিবার থেকে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। স্পেনের সামরিক পুলিশ ও দুর্যোগ মোকাবিলা দল বড় বড় অস্থায়ী গ্রহণকেন্দ্র তৈরি করেছে এবং জলসীমায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, জাহাজ থেকে নামা স্প্যানিশ নাগরিকদের মাদ্রিদে নিয়ে যাওয়া হবে। সেখানে গোমেজ উলা সামরিক হাসপাতালে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। হান্টাভাইরাসের সুপ্তিকাল সর্বোচ্চ ৯ সপ্তাহ পর্যন্ত হতে পারে। ফলে স্পেন বা অন্য দেশে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তা এখনো স্পষ্ট নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস অবস্থান করছেন তেনেরিফে। তিনি জাহাজটি থেকে যাত্রী নামানোর কার্যক্রম তদারকি করছেন। তিনি এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্প্যানিশ কর্তৃপক্ষের ‘দৃঢ় ও কার্যকর পদক্ষেপে’র প্রশংসা করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, হান্টাভাইরাস মূলত ইঁদুরের মাধ্যমেই ছড়ায়। ইঁদুরের প্রস্রাব, বিষ্ঠা ও লালা থেকে এ ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে। ইঁদুর বাসা বেঁধেছে, এমন জায়গা পরিষ্কার করার সময় এই ভাইরাস বাতাসে মিশে যায় এবং নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এমনকি এ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াতে পারে, যদিও তেমন ঘটনা বিরল।

ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের একটি আবর্জনা ফেলার স্থান থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। পাখিপ্রেমীদের কাছে জায়গাটি জনপ্রিয়। সেখানে ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। সাধারণত মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ বিরল হলেও এরই মধ্যে তিনজন ক্রুজ যাত্রীর মৃত্যু হয়েছে।

তীরে পৌঁছানোর পর বাসে করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: রয়টার্স
তীরে পৌঁছানোর পর বাসে করে যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: রয়টার্স

ডব্লিউএইচওপ্রধান উদ্বিগ্ন স্প্যানিশ নাগরিকদের উদ্ধার অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কোভিডের অভিজ্ঞতার কারণে মানুষের উদ্বেগ স্বাভাবিক। সেই মানসিক ধাক্কা এখনো আমাদের মনে রয়েছে। তবে ভাইরাসটির প্রকৃতি ও স্প্যানিশ সরকারের প্রস্তুতির কারণে ব্যাপক সংক্রমণের ঝুঁকি এখন কম।

হোন্ডিয়াস জাহাজটিকে তেনেরিফে নোঙর করবে— এমন খবর প্রকাশের পর দ্বীপটিতে কিছু মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শুক্রবার একদল বন্দরকর্মী স্থানীয় পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ ছিল, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়।

এরপর শনিবার গভীর রাতে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। ক্যানারি দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফার্নান্দো ক্লাভিজো বাতলে ঘোষণা দেন, এক দিনে যাত্রী নামানো সম্ভব না হওয়ায় তিনি জাহাজটিকে বন্দরে ঢুকতে দেবেন না। পরে মাদ্রিদের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে হস্তক্ষেপ করে।

এরপর ক্লাভিহো টেলিভিশনে দাবি করেন, হান্টাভাইরাস বহনকারী কোনো ইঁদুর রাতের অন্ধকারে জাহাজ থেকে নেমে এসে ক্যানারি দ্বীপপুঞ্জের মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পরে অবশ্য স্বাস্থ্য বিভাগ জানায়, এমন পরিস্থিতি তৈরি হওয়া ‘অসম্ভব’ এবং এটি ‘ঝুঁকিপূর্ণ নয়’। পরে সামগ্রিকভাবে দ্বীপটির মানুষ আশ্বস্ত যে তাদের সংক্রমণের ঝুঁকি কম।

জাহাজ থেকে নামিয়ে যাত্রীদের নেওয়া হবে তেনেরিফের ক্যান্ডেলারিয়া হাসপাতালে, যেখানে প্রস্তুত রয়েছেন চিকিৎসক মার মার্টিন ও তার দল। ছবি: বিবিসি
জাহাজ থেকে নামিয়ে যাত্রীদের নেওয়া হবে তেনেরিফের ক্যান্ডেলারিয়া হাসপাতালে, যেখানে প্রস্তুত রয়েছেন চিকিৎসক মার মার্টিন ও তার দল। ছবি: বিবিসি

সান্তা ক্রুজ শহরে সন্তানকে নিয়ে হাঁটতে বের হওয়া জেনিফার নামের এক নারী বলেন, ‘ভাইরাসটি অবশ্যই বিপজ্জনক। কিন্তু তারা বলছে, সংক্রমণের জন্য খুব ঘনিষ্ঠ সংস্পর্শ দরকার। আমরা সতর্ক থাকলে আশা করি পরিস্থিতি খুব গুরুতর হবে না।’

হোন্ডিয়াসের সবাই তেনেরিফেতে নামবেন না। প্রায় ৩০ জন ক্রু জাহাজেই থেকে যাবেন, যেন সেটিকে নেদারল্যান্ডসে ফিরিয়ে নেওয়া যায়। জাহাটির অধিকাংশ যাত্রীর জন্য সমুদ্রে দীর্ঘদিনের আতঙ্ক ও অনিশ্চয়তার অবসান হতে যাচ্ছে। এখন তাদের অপেক্ষা দীর্ঘ কোয়ারেন্টাইনের।

ডাচ এই প্রমোদতরিটি প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে চার সপ্তাহ আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করে। কেপ ভার্দে যাওয়ার পথে এটি অ্যান্টার্কটিকা ও আরও কিছু স্থানে এটি যাত্রা বিরতি করেছিল। পরে রোববার এটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফেতে পৌঁছেছে।

এ পর্যন্ত হান্টাভাইরাসের প্রভাবে জাহাজটিতে থাকা এক ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিকের মৃত্যুর খবর মিলেছে। ডব্লিউএইচও জানিয়েছে, মোট আটজন ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। জাহাজটি থেকে এরই মধ্যে তিন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে দুজন গুরুতর অসুস্থ।

ডব্লিউএইচও মহাপরিচালক এর আগে বলেছিলেন, হান্টাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ডাচ দম্পতি এমন কিছু স্থানে গিয়েছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী ইঁদুরের একটি প্রজাতির উপস্থিতি ছিল। তবে প্রাদুর্ভাবটি কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ‘শেষের পথে’, ইঙ্গিত পুতিনের

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধাবস্থা ‘শেষের পথে’ বলে ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্ত হলে তৃতীয় কোনো দেশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত আছেন পুতিন। এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে একই ইঙ্গিত দিয়েছিলেন মা

৮ ঘণ্টা আগে

ফ্রি বিদ্যুৎ, নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী— শপথ নিয়েই বিজয়ের ঘোষণা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। আজ রোববার শপথ গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন সরকার গঠন করলেন তিনি।

৯ ঘণ্টা আগে

মুখ্যমন্ত্রী বিজয়কে প্রধানমন্ত্রী মোদির অভিনন্দন

১০ ঘণ্টা আগে

‘যেকোনো দুঃসাহসিকতার জবাব হবে অত্যন্ত বেদনাদায়ক’

অনুষ্ঠানে পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেনাপ্রধান আসিম মুনিরের পাশাপাশি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জ

১১ ঘণ্টা আগে