বাব এল-মান্দেব হুতিদের নিয়ন্ত্রণে, চাপে বৈশ্বিক বাণিজ্য

ডেস্ক, রাজনীতি ডটকম
নতুন যোদ্ধা নিয়োগে আয়োজিত সমাবেশে ইয়েমেনের সানায় হুতিদের অনুগত যোদ্ধাদের মিছিল। ১০ সেপ্টেম্বর ২০২৬। ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতিরা দেশটির লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অংশ ও কৌশলগত কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল-মান্দেবের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে। এতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ও সামরিক সূত্রের বরাত দিয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এনবিসি নিউজ ও টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হুতিরা বাব এল-মান্দেব প্রণালির মাঝখানে অবস্থিত মায়ুন বা পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে তারা বৃহত্তর ও ক্ষুদ্রতর হানিশ দ্বীপপুঞ্জেও ঢুকে পড়েছে। এর আগে বৃহস্পতিবার ঐতিহাসিক বন্দরনগরী মোখা ও জুকার দ্বীপ দখল করে তারা উপকূল বরাবর দ্রুত অগ্রসর হয়।

সৌদি আরব সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার জানিয়েছে, বাব এল-মান্দেব ও মায়ুন দ্বীপে তাদের নিয়ন্ত্রণ কার্যত শেষ হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, হুতিদের সশস্ত্র সদস্যরা প্রণালির তীরে অবস্থান নিয়েছে এবং সামরিক যান নিয়ে চলাচল করছে। সরকারি বাহিনীর সদস্যরা হানিশ দ্বীপপুঞ্জে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে।

তেল সরবরাহে নতুন ঝুঁকি

বাব এল-মান্দেব লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ। এই পথ দিয়েই এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল করে এবং সুয়েজ খালের মাধ্যমে ভূমধ্যসাগরে পৌঁছায়। ফলে প্রণালিটির ওপর হুতিদের কার্যকর নিয়ন্ত্রণ বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধে তেল পরিবহন ব্যাহত হওয়ার পর সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো লোহিত সাগরপথের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। বাব এল-মান্দেবেও জাহাজ চলাচল হুমকির মুখে পড়লে বৈশ্বিক তেল সরবরাহে আরেকটি বড় ধাক্কা আসতে পারে।

চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দামও শুক্রবার প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়েছে।

হুতিরা এরই মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। শুক্রবারের স্যাটেলাইট ছবিতে সৌদির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের রুট বরাবর প্রায় ৬০ মাইল দীর্ঘ ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ওই এলাকায় ভূগর্ভস্থ পাইপলাইনের অবকাঠামোর কাছে উচ্চ তাপমাত্রার সংকেতও পাওয়া গেছে। তবে সেখানে ঠিক কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। সৌদি সরকার বা হুতিরা এ বিষয়ে মন্তব্য করেনি।

কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ বলেন, হুতিরা এখন সৌদি নিরাপত্তার দুটি স্তম্ভ— দেশটির দক্ষিণাঞ্চল ও লোহিত সাগরীয় কৌশলগত গভীরতা একসঙ্গে আঘাত করছে। ফলে রিয়াদের জন্য সংঘাত এড়িয়ে চলার সুযোগ ক্রমেই কমছে।

তবে বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, মোখা, ধুবাব ও দ্বীপগুলোর নিয়ন্ত্রণ পেলেও হুতিরা পুরো বাব এল-মান্দেবের সার্বভৌম নিয়ন্ত্রণ নেয়নি। প্রণালির পশ্চিম তীর ইয়েমেনের বাইরে। কিন্তু এসব অবস্থান থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়া, হামলা চালানো বা নৌপথ কার্যত অচল করে দেওয়ার সক্ষমতা হুতিদের অনেক বেড়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের হুতিদের এই অগ্রযাত্রাকে ‘বিরাট বিজয়’ বলে অভিনন্দন জানিয়েছেন। চ্যাথাম হাউজের গবেষক ফারেয়া আল-মুসলিমি বলেন, হরমুজের পাশাপাশি বাব এল-মান্দেবেও ইরানের মিত্রদের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ায় মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ নৌ-সংকটপথ একই পক্ষের প্রভাববলয়ে চলে আসার ঝুঁকি তৈরি হয়েছে।

অন্যদিকে হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে উদ্বেগের কারণ নেই বলে দাবি করেছেন। হুতিদের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি জাহাজ ছাড়া অন্য সব কোম্পানির জন্য লোহিত সাগরে নৌচলাচল ‘নিরাপদ ও সুশৃঙ্খল’ থাকবে।

ইয়েমেনে এক সপ্তাহের নতুন লড়াইয়ে ৫০০ জনের বেশি নিহত এবং অন্তত ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। ২০১৪ সালে রাজধানী সানা দখলের মধ্য দিয়ে শুরু হওয়া ইয়েমেনের গৃহযুদ্ধ ২০২২ সালের জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতির পর অনেকটা স্তিমিত থাকলেও সাম্প্রতিক সংঘাত ফের পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলনের আগে দিল্লিতে পুতিন-মোদি বৈঠক

ব্রিকস সম্মেলন সামনে রেখেই তিন দিনের সফরে ভারত গেছেন ভ্লাদিমির পুতিন। তার নয়াদিল্লি সফর ভারতের জন্য একই সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কয়েক দশক ধরে রাশিয়া ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার। ভারতের সামরিক সরঞ্জামের বড় একটি অংশ ঐতিহাসিকভাবে রাশিয়া থেকে এসেছ

৫ ঘণ্টা আগে

৯/১১ হামলার ২৫ বছর: প্রযুক্তির ওপর অতিভরসাই কি নতুন দুর্বলতা?

তবে দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন ধরনের নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণের অভিজ্ঞতায় বিশ্লেষকরা বলছেন, আপাতদৃষ্টিতে এসব কাঠামো শক্তিশালী ও সুরক্ষিত মনে হলেও এর মধ্যে থেকে গেছে গুরুতর দুর্বলতা। সেই দুর্বলতাই নতুন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

৬ ঘণ্টা আগে

যুদ্ধ-দ্বন্দ্বের বিশ্বে নয়াদিল্লিতে ব্রিকসের ঐক্যের পরীক্ষা

সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে স্বার্থের বৈচিত্র্যও। ফলে ব্রিকসকে এখন একই সঙ্গে একটি অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম, বৈশ্বিক দক্ষিণের রাজনৈতিক কণ্ঠস্বর এবং পশ্চিমানির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে হচ্ছে।

১১ ঘণ্টা আগে

ভবিষ্যৎ হামলা ঠেকাতে দুবাই বিমানবন্দরে মাটির নিচে যাবে জ্বালানি ট্যাংক

নতুন বিমানবন্দরের নকশা প্রণয়নের সময় জ্বালানি ট্যাংক মাটির নিচে রাখার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান গ্রিফিথস। তার ভাষায়, মূল বিষয় হলো হামলার সম্ভাবনা, এর পরিণতি এবং সঠিক মাত্রার ঝুঁকি— এই তিনটি বিষয়কে একসঙ্গে বিবেচনা করা।

১১ ঘণ্টা আগে
Advertisement