ঐতিহাসিক শান্তি চুক্তির দিনই যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান ফুটবল দল

ডেস্ক, রাজনীতি ডটকম
বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে রোববার মার্কিন পুলিশের কড়া নিরাপত্তায় ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচে দলের হোটেলে পৌঁছায় ইরান জাতীয় ফুটবল দলের বাস। ছবি: রয়টার্স

বিশ্বরাজনীতিতে এক নাটকীয় মোড়ের মধ্যেই বিশ্বকাপ মিশন শুরু করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। রোববার (১৪ জুন) লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে দলটি। কাকতালীয়ভাবে, একই দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণাও আসে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেক্সিকোর টিজুয়ানা থেকে একটি ফ্লাইটে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় ইরান দল। এর আগে টিজুয়ানার বেস ক্যাম্প ছাড়ার সময় স্থানীয় সমর্থকদের কাছ থেকে আবেগঘন বিদায় সংবর্ধনা পায় তারা। আজ সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘টিম মেল্লি’ (ফার্সি ভাষায় অর্থ ‘জাতীয় দল’)।

টানা চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলছে ইরান। ছবি: গার্ডিয়ান
টানা চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলছে ইরান। ছবি: গার্ডিয়ান

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে ইরানের প্রধান কোচ আমির ঘালিনোই বলেন, “ইরানের মতো একটি মহান, গর্বিত ও শক্তিশালী দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমি আশা করি, ফুটবল মানুষকে আনন্দ দেবে এবং বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।”

গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের এই ম্যাচটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন এর পটভূমিতে রয়েছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং সদ্য ঘোষিত শান্তি চুক্তি। ফলে আগামীকাল মঙ্গলবারের (বাংলাদেশ সময় সকাল ৭টা) এই ম্যাচটিকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

যুদ্ধের কারণে মেক্সিকোয় সরানো হয়েছিল ক্যাম্প

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর নিরাপত্তাজনিত কারণে মেক্সিকো সীমান্তের দিকে সরে যায় ইরান দল। গত মাসের শেষ দিকে অ্যারিজোনার একটি স্পোর্টস কমপ্লেক্স থেকে তারা তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করে।

এখন গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে প্রতিবারই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হবে দলটিকে।

কোচ ঘালিনোই জানান, দীর্ঘ ভ্রমণ এবং ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তার মার্কিন ভিসা না পাওয়ার বিষয়টি খেলোয়াড়দের ওপর কিছুটা মানসিক চাপ সৃষ্টি করেছে।

এর মধ্যেই রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তিটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে।

‘এই সরকারের পতন চাই’

ইরান দল লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর সময় স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় সরকারবিরোধী ও গণতন্ত্রপন্থি ইরানি প্রবাসীদের একটি বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল, “ইরানে না শাহ, না মোল্লাতন্ত্র— পরিবর্তন আনবে ইরানিরাই।”

ইঙ্গেলউড এলাকার একটি ব্যস্ত সড়কের মোড়ে এমন কয়েকজন ক্রীড়াবিদের ছবি ও পোস্টার টানানো হয়, যাদের বিক্ষোভকারীরা ইরান সরকারের হাতে গ্রেপ্তারের পর নিহত হয়েছেন বলে দাবি করেন।

র‌্যালিতে অংশ নেওয়া ৫৬ বছর বয়সী ইরানি-আমেরিকান মবজান রামেকানি বলেন, “তারা নিজেদের দেশের মানুষকেই জিম্মি করে রেখেছে।” মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

আরেক বিক্ষোভকারী ৭০ বছর বয়সী হাসান হাদ্দাদি বলেন, “আমরা পশ্চিমা বিশ্বকে শুধু নিন্দা নয়, বাস্তব পদক্ষেপ নিতে উৎসাহিত করতে চাই, যাতে এই স্বৈরশাসনের অবসান ঘটে।”

তবে রাজনৈতিক বিতর্ক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করেছেন কোচ ঘালিনোই। তিনি বলেন, “আমরা রাজনৈতিক মানুষ নই। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ইরানের সম্মানিত জনগণের প্রতিনিধিত্ব করছি— তারা দেশে থাকুন বা প্রবাসে।”

‘মেক্সিকো তোমাদের পাশে আছে’

লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর আগে টিজুয়ানায় ইরান দলকে বিদায় জানাতে ভিড় করেন শত শত সমর্থক। হোটেলের বাইরে সারিবদ্ধ সমর্থকেরা ‘টিম মেল্লি’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। খেলোয়াড়রা বাসে ওঠার সময় করতালি ও শুভকামনায় তাদের বিদায় জানান সমর্থকেরা।

এক সমর্থকের হাতে থাকা হলুদ প্ল্যাকার্ডে লেখা ছিল, “ইরান, তোমরা কখনো একা নও। মেক্সিকো তোমাদের পাশে আছে।” আরেকটি দৃশ্যে দেখা যায়, এক শিশুর হাতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল পানিনি স্টিকার অ্যালবাম, যেখানে খোলা ছিল ইরান দলের স্কোয়াডের পৃষ্ঠা।

এক পর্যায়ে সমর্থকেরা স্প্যানিশ ভাষায় গান ধরেন— “ইরান, ভাই আমার, তোমরা এখন মেক্সিকান।”

দলটির বাস হোটেল ছাড়ার সময় ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বাইরে দাঁড়িয়ে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন। বাসটি চলে যাওয়ার পরও অনেক সমর্থক কিছু দূর পর্যন্ত তার পেছনে দৌড়ে যান।

‘তেহরান অ্যাঞ্জেলেসে’ ইরান

টিজুয়ানায় ইরানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা খুবই কম। তবে লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী সম্প্রদায়ের বসবাস এই শহরে। হাজার হাজার ইরানি-আমেরিকানের উপস্থিতির কারণে প্রবাসী মহলে লস অ্যাঞ্জেলেসকে প্রায়ই ‘তেহরান অ্যাঞ্জেলেস’ নামে ডাকা হয়।

বিশ্বকাপের ইতিহাসেও এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি জাতীয় দলকে স্বাগত জানাচ্ছে, যার রাষ্ট্রের সঙ্গে অল্প কিছুদিন আগেও তাদের সরাসরি যুদ্ধাবস্থা চলছিল। এখন সেই উত্তেজনার পটভূমিতেই বিশ্বকাপের মঞ্চে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে ইরান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

নবাগত কুরাসাওয়ের ম্যাচে ‘সেভেন-আপে’র স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকেই ৭-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল জার্মানরা। সারা বিশ্বের কোটি ব্রাজিল ভক্তদের কাছে বিভীষিকাময় স্মৃতির সাক্ষী সে ম্যাচটি নানা আলোচনাতে ‘সেভেন-আপ’ হিসেবেই পরিচিতি পেয়ে আসছে। ১২ বছর পর আবার বিশ্বকাপে ‘সেভেন-আপ’ উপহার দিলো জার্মানি।

২০ ঘণ্টা আগে

জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মেয়েদের ৬ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা। বিশ্বকাপের আগে ৯ ম্যাচে সাত পরাজয়ের সাক্ষী হওয়ায় প্রথম ম্যাচেই জয় স্বস্তি এনেছে টাইগ্রেস শিবিরে।

১ দিন আগে

মিরপুরে স্নায়ুক্ষয়ী লড়াই, কনোলির ব্যাটে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

রোববার (১৪ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম ব্যাট করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭৪ রান। সিরিজে প্রথমবার দুই দলের মধ্যে টানটান প্রতিদ্বন্দ্বিতার দেখা মেলে। পর্যন্ত ৩ বল হাতে রেখে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নিয়ে

১ দিন আগে

হৃদয়ের পর মোসাদ্দেক-লিটনের ফিফটি, অস্ট্রেলিয়ার টার্গেট ২৭৫

লিটন ছাড়াও এই ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন। তিন ফিফটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান। অস্ট্রেলিয়ার টার্গেট ২৭৫। অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে হলে এর আগেই আটকে ফেলতে হবে টাইগার বোলারদের।

১ দিন আগে