বেলজিয়াম বধ করে সেমিতে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের প্রথমার্ধে ফাবিয়ান রুইজের গোলে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর বেলজিয়ামকে সমতায় ফিরিয়েছিলেন চার্লস ডি কেটেলার। তবে শেষ দিকে 'সুপার সাব' মিকেল মেরিনোর জয়সূচক গোলে মাঠ ছাড়ে স্প্যানিশরা।
বলের দখল, শক্তিশালী রক্ষণ আর নিখুঁত আক্রমণ—সব মিলিয়ে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের জানান দিচ্ছে স্পেন। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল ইউরোপের আরেক পরাশক্তি বেলজিয়াম।
প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াই
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় স্পেন। যার ফলশ্রুতিতে ম্যাচের ৩০ মিনিটেই লিড নেয় তারা। দানি ওলমোর একটি দুর্দান্ত আক্রমণ বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়াতে ভুল করেননি ফাবিয়ান রুইজ।
ম্যাচের ৩৬ মিনিটে স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালের জোরালো ফ্রি-কিক কোর্তোয়াকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। তবে এর ঠিক কয়েক মিনিট পরেই নাটকীয়ভাবে সমতায় ফেরে বেলজিয়াম। চার্লস ডি কেটেলারের দারুণ এক গোলে স্তব্ধ হয়ে যায় স্পেনের রক্ষণভাগ। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় ধরে অক্ষত থাকা স্পেনের দুর্গ অবশেষে ভেঙে পড়ে।
কোর্তোয়ার চোট ও মেরিনো ম্যাজিক
বিরতির পর দুই দলই আক্রমণের ধার বাড়ায়। ইয়ামালের আরও একটি নিশ্চিত গোলের প্রচেষ্টা দারুণ দক্ষতায় নস্যাৎ করে দেন কোর্তোয়া। তবে ম্যাচের দ্বিতীয়াহের্দ্ধর 'হাইড্রেশন ব্রেক'-এর ঠিক আগে বড় ধাক্কা খায় বেলজিয়াম শিবির। গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। মাঠের বাইরে গিয়ে ডাগআউটে তাকে কাঁদতে দেখা যায়, যা বেলজিয়ামের জন্য ছিল বড় মনস্তাত্ত্বিক আঘাত।
আরও পড়ুন: পর্তুগালের বিপক্ষেও শেষ মুহূর্তে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। বেলজিয়ামের বিপক্ষেও যেন হুবহু সেই একই গল্পের পুনরাবৃত্তি ঘটালেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিটের মাথায় দলকে উল্লাসে ভাসান মেরিনো। ডিফেন্ডার পাউ কুবারসির একটি জোরালো শট বেলজিয়ামের বদলি গোলরক্ষক মার্টেন লামেন্স ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে, চিতার বেগে ছুটে এসে ফিরতি শটে বল জালে জড়ান মেরিনো।
সেমিফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স
শেষ বাঁশি বাজার সাথে সাথেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই হারের মাধ্যমে বেলজিয়ামের বিশ্বকাপ মিশন শেষ হলো, আর স্পেন জায়গা করে নিল শেষ চারে। ফাইনালে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স।
রাজনীতি/এসআর














