উন্দাভের জোড়া গোলে নকআউট নিশ্চিত জার্মানির

ডেস্ক, রাজনীতি ডটকম
জোড়া গোলে দলকে জিতিয়ে সতীর্থদের মধ্যমণি ডেনিস উন্দাভ। ছবি: রয়টার্স

এক সময় মনে হচ্ছিল বড় অঘটনের জন্ম দিতে যাচ্ছে আইভরি কোস্ট। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা জার্মানিকে দীর্ঘ সময় পিছিয়ে রেখে জয়ের স্বপ্নও দেখছিল আফ্রিকার দলটি। তবে শেষ পর্যন্ত বদলি নেমে সেই স্বপ্ন ভেঙে দেন ডেনিস উন্দাভ। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি।

টরন্টো স্টেডিয়ামে শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় জুলিয়ান নাগেলসমানের দল। বিরতির আগে ফ্রাঙ্ক কেসিয়ের গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। পরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে উন্দাভ দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বদলি নেমে এক গোল ও দুই গোলে সহায়তা করেছিলেন উন্দাভ। এবার পুরো তিন পয়েন্ট এনে দিয়ে জার্মানির নায়ক হয়ে উঠলেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই জয় পেল জার্মানি। একই সঙ্গে ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম তারা নকআউট পর্বে উঠল। আগের দুই আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

অন্যদিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানো আফ্রিকান দলটির নকআউটে ওঠার সম্ভাবনাও এখনও উজ্জ্বল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জার্মানি। ৩০ সেকেন্ডের মধ্যেই সুযোগ পেয়েছিলেন কাই হাভার্টজ, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরও একের পর এক আক্রমণ চালায় ইউরোপের দলটি। কিন্তু গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা এবং আইভরি কোস্টের রক্ষণভাগ তাদের আটকে রাখে।

উল্টো ৩০তম মিনিটে এগিয়ে যায় আফ্রিকান প্রতিনিধিরা। ইয়ান দিয়োমান্দের তৈরি করা আক্রমণে প্রথম শট ঠেকানো হলেও ফিরতি বলে জাল খুঁজে নেন কেসিয়ে। জাতীয় দলের হয়ে এটি ছিল তার ১৬তম গোল এবং বিশ্বকাপে প্রথম।

পিছিয়ে পড়ার পর আরও মরিয়া হয়ে ওঠে জার্মানি। তবে প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে বদলি নামিয়ে আক্রমণের ধার বাড়ান নাগেলসমান। সেই সিদ্ধান্তের ফল মেলে ৬৮তম মিনিটে। নাদিম আমিরির ক্রসে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান উন্দাভ।

এরপর দুই দলই জয়ের জন্য চেষ্টা চালায়। নির্ধারিত সময়ের শেষ দিকে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। কিন্তু নিকোলাস পেপের নিখুঁত পাস কাজে লাগাতে ব্যর্থ হন সিমোঁ আদিঙ্গা।

সেই সুযোগ হাতছাড়া করার মাশুল দিতে হয় যোগ করা সময়ে। ৯৪তম মিনিটে ফেলিক্স মেচার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান উন্দাভ। তাতেই উল্লাসে ফেটে পড়ে জার্মানি, আর হতাশায় ডুবে যায় আইভরি কোস্ট।

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় ইকুয়েডরের মুখোমুখি হবে জার্মানি। একই সময়ে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে আইভরি কোস্ট।

রাজনীতি/আরআইআর

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৬ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৬ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৭ দিন আগে

সেমিতে ফকল্যান্ড ব্যানার-ফাইনাল শেষে মারামারি: শাস্তির মুখে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে সংঘর্ষে জড়িত কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধেও আলাদা অভিযোগ গঠন করা হয়েছে।

৮ দিন আগে