শঙ্কা উড়িয়ে লিড নিয়ে ৩য় দিন শেষ করলো বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম

মিরপুর টেস্টে তৃতীয় দিনের শুরুতেই ৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু মিরাজ ও জাকেরের ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিডে রয়েছে টাইগাররা।

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষ হলো আলোক স্বল্পতার কারণে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ বলে ঘোষণা দিতে বাধ্য হন।

তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ২৮৩। টাইগারদের জন্য স্বস্তির, ইনফর্ম ব্যাটার মেহেদী হাসান মিরাজ ৮৭ রান নিয়ে রয়েছেন উইকেটে। বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৮১ রানের।

বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে সারাদিনে খেলা অনুষ্ঠিত হয়েছে কেবল ৫৭.৫ ওভার। অর্থাৎ ৩২.১ ওভারের খেলা হয়নি। পূর্ণাঙ্গ দিনের খেলা অনুষ্ঠিত হলে হয়তো বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারতো। হয়তো খেলা শেষও হতে পারতো।

প্রথম ইনিংসে ২০২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে হয়েছিলো বাংলাদেশকে। দ্বিতীয় দিনই আশা জাগিয়েছিলেন ব্যাটাররা যে, এবার হয়তো কিছু হবে। ৩ উইকেটে ১০১ রান নিয়ে ব্যাট করতে নামে মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম।

৩৮ রানে থাকা জয় ৪০ রানে এবং ৩১ রানে থাকা মুশফিক ৩৩ রানে আউট হয়ে গেলেও বাংলাদেশকে স্বপ্ন দেখাতে থাকেন মেহেদী হাসান মিরাজ এবং অভিষিক্ত জাকের আলী অনিক।

বাংলাদেশ দলের স্কোর যখন ৭ উইকেটে ২৬৭ রান, তখন বৃষ্টিতে খেলা বন্ধ হয়। বিকেল ৩টা নাগাদ খেলা শুরু হলে খুব বেশিক্ষণ আর খেলা হয়নি। মাত্র ৫ ওভার হওয়ার পরই দিনের খেলা শেষ হয়ে যায়।

এর আগে ১১২ রানে পড়েছিল ৬ উইকেট। ইনিংস হার এড়াতে তখনও দরকার ৯০ রান। সেই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে দুর্দান্ত জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ আর অভিষিক্ত জাকের আলী।

তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিম সকালটা শুরু করেছিলেন বেশ দেখেশুনে। প্রথম আধ ঘণ্টা কাটিয়েও দিয়েছিলেন তারা। এরপর কাগিসো রাবাদার এক ওভারে জোড়া শিকার দুজন।

৪০ রান করে জয় দিলেন প্রথম স্লিপে ক্যাচ, এক বল পর বোল্ড মুশফিকুর রহিম (৩৪)। এরপর লিটন দাস ক্রিজে এসে বরাবরের মতো দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে বাজেভাবে আউট (৭)।

৩ উইকেটে ১০৫ থেকে ৬ উইকেটে ১১২ রানে পরিণত হয় বাংলাদেশ। ৭ রানের মধ্যে তিন স্বীকৃত ব্যাটারকে হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কাতেই পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ আর জাকের আলী দলকে টেনে তোলার দায়িত্ব কাঁধে নেন।

ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত পারফরমার। ৪১-এর ওপর ব্যাটিং গড় জাকের আলীর। পারফর্ম করে দলে ঢোকা এই ব্যাটার নিজের সামর্থ্যের জানান দিলেন ক্যারিয়ারের প্রথম টেস্টেই।

দলের বিপদের মুখে মেহেদী হাসান মিরাজকে নিয়ে গড়লেন লড়াকু এক জুটি। ক্যারিয়ারের প্রথম টেস্টে তুলে নিলেন হাফসেঞ্চুরিও। ভীষণ ধৈর্যের পরীক্ষা দেওয়া জাকের ১০২ বলে করেন ফিফটি। ডেন পিটকে বাউন্ডারি হাঁকিয়ে পঞ্চাশের ঘর ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার।

তবে ফিফটির পর বেশিক্ষণ টিকতে পারেননি জাকের। কেশভ মহারাজের ঘূর্ণিতে প্যাডে বল লেগে যায় তার, আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নিয়েও কাজ হয়নি। ১১১ বলে ৭ বাউন্ডারিতে ৫৮ করে ফেরেন জাকের। জাকেরের আউটে ভেঙেছে মিরাজের সঙ্গে ১৩৮ রানের প্রতিরোধগড়া জুটি।

এর আগে ৩ উইকেটে ১০১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ । জয় ৩৮ আর মুশফিকুর রহিম ৩১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। বাংলাদেশ পিছিয়ে ছিল ১০১ রানে।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে মাত্র ১ রান করে ফেরত যান ওপেনার সাদমান। এরপর ৩ বলে ০ রানে আউট হন মুমিনুল হক।

দুই বাঁহাতিকেই ফেরান দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তৃতীয় ওভারের প্রথম ও চতুর্থ বলে তাদেরকে সাজঘরের পথ দেখান ডানহাতি প্রোটিয়া পেসার।

সাদমান ক্যাচ তোলেন শর্ট লেগে টনি ডি জর্জির হাতে। আর মুমিনুল খোঁচা দিয়ে ধরা পড়েন তৃতীয় স্লিপে ফিল্ডিং করা উইয়ান মুলদারের হাতে।

প্রথম ইনিংসেও ব্যর্থ ছিলেন সাদমান আর মুমিনুল। ডাক (৪ বলে ০) মেরেছিলেন সাদমান। মুমিনুল আউট হয়েছিলেন ৪ রানে।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃষ্টিকটু আউটের নজির ভুরি ভুরি। ভালো খেলতে খেলতে অনেক সময়ই দেখা যায়, খুবই সাধারণ একটি বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি প্রথম টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৭। দ্বিতীয় ইনিংসে তার উইলো থেকে এলো ২৩ রান। কেশভ মহারাজের ঘূর্ণি ডিফেন্ড করতে গিয়েও পারেননি শান্ত। সরাসরি পা দিয়ে বল আটকে দেন। আম্পায়ার আঙুল তুলে দিতে ভুল করেননি।

৪৯ বলে ২ বাউন্ডারিতে ২৩ রান করেন শান্ত। তার আগে জয়কে নিয়ে ৯৮ বলে ৫৫ রানের জুটি গড়েছিলেন তিনি।

মঙ্গলবার শেরে বাংলাায় ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর কাইল ভেরেইনের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০৮ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১৪৪ বলে ১১৪ রানের ইনিংস খেলেন ভেরেইন।

বাংলাদেশের হয়ে ১২২ রান খরচায় ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। ৩ উইকেট নেন হাসান মাহমুদ ও ২টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৪ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৪ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৫ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৫ ঘণ্টা আগে
Advertisement