ডাক্তার পদবি নিয়ে আদালতের রায়ে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ম্যাটস ও ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ ও ৫ দফা দাবিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বুধবার কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশ করেন। ছবি: ফোকাস বাংলা

ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রি না থাকলে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না— আদালতের এমন রায়কে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। এই রায়ের মধ্য দিয়ে চিকিৎসা পেশার ‘মর্যাদা’ রক্ষা পেয়েছে বলে জানিয়েছে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলো। তারা পাঁচ দফা দাবির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

বুধবার (১২ মার্চ) দিবাগত মধ্যরাত পেরিয়ে সংগঠনগুলো গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। এর আগে এ দিন দুপুরে হাইকোর্ট এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রায় দেন, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ডিএমএফ ডিগ্রিধারী কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।

রায়ে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও চিকিৎসক পেশাজীবীদের ১৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী’ ব্যানারে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের রায়ের মধ্য দিয়ে একদিকে চিকিৎসকরা যেমন ন্যায়সঙ্গত রায় পেয়েছেন, তেমনই সাধারণ মানুষও এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন। রায়ের মধ্য দিয়ে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের প্রধান দাবিটি বাস্তবায়িত হয়েছে।

বাকি দাবিগুলোর ব্যাপারেও স্বাস্থ্য মন্ত্রণালয় সুনির্দিষ্ট অগ্রগতি করেছে বলে সংশ্লিষ্টদের কাছে জেনেছেন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলনের কারণে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় সার্বিক বিবেচনায় চিকিৎসক ও শিক্ষার্থীদের সংগঠনগুলো চলমান কর্মবিরতি প্রত্যাহার করছে।

তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচ দফা দাবির বাকিগুলোর সুনির্দিষ্ট অগ্রগতি জানানো না হলে চিকিৎসক ও শিক্ষার্থীরা ফের কঠোর কর্মসূচি দেবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পালটা কর্মসূচি দেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি না থাকলে কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না— এমন দাবি তুলে ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন শুরু করেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিভিন্ন স্তরের চিকিৎসকরাও সেই দাবিতে সংহতি জানান। পরে ‘সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী’ ব্যানারে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও ইন্টার্নরা প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করছিলেন।

চিকিৎসকরা যে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন সেগুলো হলো—

এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না। বাংলাদেশে ‘ডিপ্লোমা চিকিৎসক’ নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই;

রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস বা বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না— এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে;

সাত কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ করতে হবে, মানহীন সব ম্যাটস বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে;

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শূন্য পদে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক নিয়োগ ও চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে; এবং

অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।

এদিকে ম্যাটস শিক্ষার্থীরাও সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি ও অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগের দাবি জানিয়ে আসছে। পাশাপাশি তারা চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ, প্রস্তাবিত ‘অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির আভাস, বন্দরে সতর্কসংকেত বহাল

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।

৯ ঘণ্টা আগে

২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

১০ ঘণ্টা আগে

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

১৩ ঘণ্টা আগে
Advertisement