বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের সাজে শিশুকে নিয়ে অংশ নেন এক ব্যক্তি। ছবি: রাজনীতি ডটকম

বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দোৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঢাকায় উদ্‌যাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। রাজধানীসহ সারাদেশে দেশ ও জাতির মঙ্গল কামনায় নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষ্যে সারাদেশে বিশেষ প্রার্থনা, শ্রী শ্রী গীতাযজ্ঞ, শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রীমদ্ভাগবত পাঠ, সন্ধ্যা আরতি, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।

রাজধানীতে সকাল ৮টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত এ গীতাযজ্ঞ পরিচালনা করে চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন।

তবে জন্মাষ্টমীর উৎসবের প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের রথ নিয়ে অংশ নেন ভক্তরা। ছবি: রাজনীতি ডটকম
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের রথ নিয়ে অংশ নেন ভক্তরা। ছবি: রাজনীতি ডটকম

ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহিদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

বিকেলে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব-১৪৩৩’ উপলক্ষ্যে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা’ উপলক্ষ্যে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সমাবেশে সনাতন ধর্মাবলম্বীদের ভোটকে ফ্যাসিবাদী শক্তির ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখার ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি দেশের সনাতন ধর্মের ভাইবোনদের তাদের ‘ভোট ব্যাংক’ মনে করত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীরা সেই ভ্রান্ত ধারণা ও মিথ ভেঙে দিয়েছেন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি আপনারা বিচার করেছেন। বিগত নির্বাচনে আপনারা অসুর শক্তির বিপক্ষে রায় দিয়েছেন। আগামীতেও গণতন্ত্রকে সুদৃঢ়করণের জন্য অসাম্প্রদায়িকতা বজায় রাখার জন্য আপনাদের ভূমিকা থাকবে।’

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সব ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউ যেন নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় না দেন, সেই আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কেউই সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না। আমরা আশা করি, আপনারা কেউ ধর্মের ভিত্তিতে পরিচয় দেবেন না; নাগরিকত্বের ভিত্তিতে পরিচয় দেবেন।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, সংসদ সদস্য হামিদুর রহমান এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ অন্যরা।

জন্মাষ্টমীর শোভাযাত্রায় মানুষের ঢল। ছবি: রাজনীতি ডটকম
জন্মাষ্টমীর শোভাযাত্রায় মানুষের ঢল। ছবি: রাজনীতি ডটকম

আলোচনা সভা শেষে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর পলাশীর মোড় থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের উদ্দেশে মিছিল ও শোভাযাত্রা শুরু হয়।

হিন্দু পুরাণ অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য এ দিন মথুরায় কংসের কারাগারে মা দেবকী ও বাবা বসুদেবের ঘর আলো করে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ— এমন বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা দিনটি উদ্‌যাপন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন করতে যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসেন এবং সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করেন। এই বিশ্বাসকে ধারণ করেই জন্মাষ্টমী পালন করা হয়।

এবারের জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছিল মানুষের ঢল। শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের কারাগার, রাম-সীতা, লব-কুশসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনার আদলে সেজে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিকে নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

এদিকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ইসকন স্বামীবাগ আশ্রমে শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তনমেলা, বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সন্ধ্যা-আরতির আয়োজন করা হয়। এরপর শ্রীকৃষ্ণলীলামৃত পাঠ এবং রাতে শ্রীকৃষ্ণের মহাভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি পালিত হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

১০ ঘণ্টা আগে

সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘জেলাগুলোতে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ সময় অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে।’

১০ ঘণ্টা আগে

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী

কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। ফলে মানুষের

১০ ঘণ্টা আগে

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন। তাকে বাচাতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানখেতে নেমে যায়। এতে ফিরোজা বেগম গুরুতর আহত হন। প্রতিমন্ত্রী ও তার স্ত্রীও আহত হন।

১১ ঘণ্টা আগে
Advertisement