পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন নজরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রেখে স্বামীর পলায়নের চাঞ্চল্যকর ঘটনায় স্বামী মো. নজরুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানা-পুলিশ। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত এবং তাঁর সম্পত্তি হাতিয়ে নিতে চায়—এমন সন্দেহেই তাঁকে হত্যা করেন নজরুল।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর বংশাল থানার নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত রোববার রাত ১১টায় নজরুল ইসলাম কলাবাগান থানার ১ নম্বর লেনের ২৪ নম্বর বাসার ভাড়া করা ৬(বি) ফ্ল্যাটে ফিরে দেখেন ফ্ল্যাটের দরজার তিনটি লকের মধ্যে দুটি খোলা। স্ত্রী তাসলিমা আক্তারের (৪২) প্রতি দীর্ঘদিনের সন্দেহ—পরপুরুষের সঙ্গে সম্পর্ক ও তাঁর সম্পত্তি হাতিয়ে নেওয়ার ভয় তাঁকে উত্তেজিত করে।

রাত ১২টার দিকে ঘুমন্ত স্ত্রীর মাথায় ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি। এরপর লাশটি গামছা দিয়ে বেঁধে, বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে বাসার ফ্রিজে লুকিয়ে রাখেন। পরে রক্তমাখা তোশক উল্টিয়ে, মেঝে পরিষ্কার করে এবং নিজের জামাকাপড় ধুয়ে আলামত গোপনের চেষ্টা করেন।

পরদিন সকালে নজরুল ইসলাম তাঁর বড় মেয়ে নাজনীন আক্তারকে জানান, তাদের মা অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। এ সময় নাজনীন আক্তার ঘরের দেয়ালে রক্তের দাগ দেখতে পায়। এরপর নজরুল ইসলাম তাঁর দুই মেয়েকে নানার বাড়ি রেখে আসার কথা বলে রাজধানীর আদাবরে তাদের ফুফুর বাসায় রেখে নিজের প্রাইভেটকারে পালিয়ে যান।

পরে এ বিষয়ে সন্দেহ হলে ভুক্তভোগীর ছোট ভাই নাঈম হোসেন ও তাঁর দুই মেয়ে ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাবাগান থানায় এসে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কলাবাগান থানা-পুলিশের একটি দল ওই ফ্ল্যাটে উপস্থিত হয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ‍খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মধ্যে রাখা ডিপ ফ্রিজ খুলে ওপরের অংশ থেকে মাছ-মাংস সরালে চাদর দিয়ে প্যাঁচানো অবস্থায় তাসলিমা আক্তারের মৃতদেহ দেখতে পায় পুলিশ।

পরে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও সিআইডির ক্রাইম সিন দলের সহায়তায় কলাবাগান থানা-পুলিশ ডিপ ফ্রিজের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন রাতে তাসলিমার ছোট ভাই নাঈম হোসেন বাদী হয়ে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় কলাবাগান থানা-পুলিশ তাসলিমার স্বামী মো. নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে। পরে মঙ্গলবার রাতে নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁর নিজ বাসার ওয়ার্ডরোব হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নজরুল ইসলাম ও তাসলিমা আক্তার দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। নজরুল ইসলাম অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রীকে প্রতিনিয়ত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি তিনি ভয় পেতেন, স্ত্রী তাঁর সম্পত্তি ও ব্যাংকে রাখা অর্থ হাতিয়ে নেবেন। এই চরম সন্দেহ ও নিয়ন্ত্রণের মানসিকতা থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

১০ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১১ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৩ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৩ ঘণ্টা আগে
Advertisement