গাড়ি ফেরিতে ওঠার আগে নামতে হবে যাত্রীদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া
বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া

ফেরিতে গাড়ি চলাচলের ক্ষেত্রে যাত্রী ও চালকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ফেরিতে বাস ওঠানামার আগে অবশ্যই প্রতিটি যাত্রীকে বাস থেকে নামাতে হবে।

রোববার (২৪ মে) এ নির্দেশনা সংবলিত সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।

নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন গন্তব্যের যাত্রী ও যানবাহন চালকদের জানানো যাচ্ছে, ফেরিঘাটে বাস পৌঁছানোর পর যাত্রীরা অবশ্যই বাস থেকে নেমে ফেরিতে উঠবেন। একইভাবে ঘাটে পৌঁছানোর পর ফেরি থেকে গাড়ি নামানোর পর যাত্রীরা বাসে উঠবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পন্টুন ও ফেরির কিনারায় যাত্রীদের কেউই দাঁড়াতে বা বসে থাকতে পারবেন না।

বিআইডব্লিউটিসি বলেছে, এর ব্যত্যয় হলে প্রয়োজনে বিআইডব্লিউটিসির কন্ট্রোল রুম (০১৪০৪৪৪৩৭০৭, ০১৮১৮৪৯৪৩৫০ অথবা ০২২৩৩৬২৭৭৯) বরাবর যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।

ওই সময়ই বিআইডব্লিউটিসি ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নেমে যাওয়ার নির্দেশনা জারি করে। তবে বাস্তবে সেই নির্দেশনার কার্যকর প্রয়োগ দেখা যায়নি। এখনো পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী নিয়েই বাসগুলোকে ফেরিতে উঠতে দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই ঈদযাত্রা সামনে রেখে বিআইডব্লিউটিসি নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে নিরাপত্তামূলক এ নির্দেশনা দিয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement