ময়মনসিংহ-সিলেটে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

দেশের উত্তরাঞ্চল ও সংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এই সতর্কবার্তা জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলে। এর বেশি হলে তা অতি ভারী বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, টানা ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এ বার্তায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমকে বিষয়টি অবহিত করা হয়েছে।

















