পীর আউলিয়ার হাত ধরে ইসলাম এসেছে, মাজারে হামলা নিন্দনীয়: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। পীর-আউলিয়াদের হাত ধরেই এ দেশে ইসলামের বিস্তার ঘটেছে। বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলা নিন্দনীয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহে একাধিক মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এদিন সকালে প্রেস সচিব নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে শাহ সুফি সৈয়দ কালু শাহর মাজারে বার্ষিক ওরস ও সামা কাওয়ালি চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মাজার পরিদর্শন ও মোনাজাত শেষে শফিকুল আলম বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এটি সকল ধর্ম ও বর্ণের মানুষের আবাসভূমি। সবাই যেন শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারে, সেটিই প্রত্যাশা।
তিনি আরও বলেন, আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে এবং মাজারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও এখন আগের চেয়ে বেশি সচেতন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
















